বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে নতুন করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন একদল ক্লাব সংগঠক। গত বছরের বিতর্কিত নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা। ক্লাব সংগঠক রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগের ভিত্তিতে আগের মতো ফের আইনি পথে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে নতুন করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন একদল ক্লাব সংগঠক। গত বছরের বিতর্কিত নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা।
ক্লাব সংগঠক রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগের ভিত্তিতে আগের মতো ফের আইনি পথে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন ঘিরে শুরু থেকেই বিতর্ক চলছিল। অভিযোগ ওঠে, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন এবং নিজের পছন্দের প্রার্থীদের বোর্ডে জায়গা করে দিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক ক্লাব নির্বাচন বয়কট করে এবং হাইকোর্টে রিট আবেদন দায়ের করে।
হাইকোর্ট সেই রিটের শুনানি শেষে বিসিবি নির্বাচন স্থগিতের নির্দেশ দিলেও পরে চেম্বার জজ আদালতে সেই আদেশের ওপর স্থগিতাদেশ জারি করা হয়। ফলে আইনি জটিলতা কাটিয়ে নির্বাচন সম্পন্ন হয়। তবে এরপর আর আদালতের পথে না গিয়ে আন্দোলন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকে বিরোধী পক্ষ।
নির্বাচনের পর একাধিকবার সংবাদ সম্মেলন করে বর্তমান বিসিবি বোর্ডকে অবৈধ আখ্যা দেয় তারা। একই সঙ্গে ঢাকা ক্লাব ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকায় ঘরোয়া ক্রিকেট কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগে বেশিরভাগ ক্লাব না খেলায় সূচি ও আয়োজন নিয়ে বিপাকে পড়ে বিসিবি।
বিরোধী পক্ষের দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি লড়াইয়ে না গেলেও জাতীয় নির্বাচনের পর নতুন পরিস্থিতিতে তারা আবার আদালতে যাওয়ার সাহস পাচ্ছেন। রফিকুল ইসলাম বাবু জানান, চেম্বার জজ আদালতের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, হাইকোর্টে আগের মতো এবারও ন্যায়বিচার পাওয়া সম্ভব।
এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শুরু থেকেই বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে সরব ছিলেন। দায়িত্ব গ্রহণের পরও তিনি জানিয়েছেন, এ বিষয়ে তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বিরোধী পক্ষের সংগঠকদের মতে, বর্তমান প্রতিমন্ত্রীর এই অবস্থান তাদের আইনি লড়াইয়ে নতুন শক্তি জোগাচ্ছে।
অন্যদিকে বিসিবির বর্তমান বোর্ড আদালতের সম্ভাব্য রায় নিয়ে আপাতত উদ্বিগ্ন নয়। বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ সম্প্রতি বলেছেন, আদালতের রায়ে বিসিবিতে কোনো পরিবর্তন এলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি ইতিবাচকভাবে নেবে না। তবে রফিকুল ইসলাম বাবুর দাবি, আইসিসিকে পুরো বিষয়টি ইতোমধ্যেই অবহিত করা হয়েছে এবং আদালতের সিদ্ধান্তের ফলে বোর্ডে পরিবর্তন এলে আন্তর্জাতিক অঙ্গনে কোনো সমস্যা সৃষ্টি হবে না।
বিরোধী পক্ষের প্রত্যাশা, আদালতে তাদের পক্ষে রায় এলে বর্তমান বোর্ড বাতিল ঘোষণা করে অ্যাডহক কমিটি গঠন করা হবে এবং পরবর্তীতে নতুন করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে।
যদিও আদালতে যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, তবে নির্দিষ্ট সময়সূচি এখনও ঠিক হয়নি। রফিকুল ইসলাম বাবু বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দ্রুতই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।