ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে তিন দিন চলবে এ সংলাপ। এতে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের চার শরিক দল আমন্ত্রণ পাচ্ছে না। অন্যদিকে সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি। ২৯ ও […]
ছবি: সংগৃহীত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে তিন দিন চলবে এ সংলাপ। এতে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের চার শরিক দল আমন্ত্রণ পাচ্ছে না। অন্যদিকে সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি।
২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক বৈঠক করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে ৫৫টি দলকে তিন দিনের সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে।
কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক নিবন্ধিত চারটি দল—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না।
তবে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।
এর আগে গত ১২ অক্টোবর নিজেদের বৈঠকে ইউপি নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন। এবারের ইউপি নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা না হলেও ভোটের তারিখ এবং কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সেই তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে ইসি।
এবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: ইত্তেফাক