বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্যারাগুয়ের এক নারী সিনেটরের বর্ণবাদী মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ঘটনাটির নিন্দা জানিয়ে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মুখপাত্র থামিন আল খিতান বলেন, প্যারাগুয়ের সিনেটর চেলেস্তে আমারিলিয়ার মন্তব্য […]
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্যারাগুয়ের এক নারী সিনেটরের বর্ণবাদী মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ঘটনাটির নিন্দা জানিয়ে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।
মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মুখপাত্র থামিন আল খিতান বলেন, প্যারাগুয়ের সিনেটর চেলেস্তে আমারিলিয়ার মন্তব্য শুধু একজন ফুটবলারের প্রতি ব্যক্তিগত আক্রমণ নয়, এটি বর্ণবাদী ও অমানবিক আচরণের স্পষ্ট উদাহরণ। তিনি বলেন, খেলাধুলার জগতে এমন ঘটনা দুঃখজনকভাবে বিচ্ছিন্ন নয়; বরং এটি বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বিদ্যমান বর্ণবাদের সমস্যারই প্রতিফলন।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ম্যাচের একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে।
পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পেকে লক্ষ্য করে একাধিক বিতর্কিত পোস্ট করেন সিনেটর চেলেস্তে আমারিলিয়া। একটি পোস্টে তিনি এমবাপ্পেকে নিয়ে অবমাননাকর ও বর্ণবাদী ভাষা ব্যবহার করেন। অন্য আরেকটি পোস্টে তিনি এমবাপ্পের আফ্রিকান বংশোদ্ভূত পরিচয় টেনে ব্যক্তিগত আক্রমণ করেন এবং ফরাসি জাতীয় দলের বিপক্ষে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি ম্যাচ শেষে প্যারাগুয়ের খেলোয়াড়দের এমবাপ্পেকে শারীরিকভাবে আক্রমণ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন।
এই মন্তব্যের জবাবে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান কিলিয়ান এমবাপ্পে। তিনি সিনেটরের বক্তব্যকে ঘৃণ্য বলে আখ্যা দিয়ে বলেন, এমন মানসিকতার একজন ব্যক্তি জনসেবার দায়িত্ব পালনের উপযুক্ত নন।
ঘটনার পর প্যারাগুয়ে সরকারও বিষয়টি থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। এক সরকারি বিবৃতিতে বলা হয়, সিনেটর আমারিলিয়ার মন্তব্য প্যারাগুয়ের রাষ্ট্রীয় মূল্যবোধ, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকার তার বক্তব্যের নিন্দা জানিয়ে স্পষ্ট করেছে, এ ধরনের বৈষম্যমূলক মন্তব্য দেশের সরকারি অবস্থানকে প্রতিফলিত করে না।
এদিকে ফুটবল অঙ্গনের বিভিন্ন মহলও ঘটনাটির সমালোচনা করেছে। তাদের মতে, মাঠের প্রতিদ্বন্দ্বিতা কখনোই বর্ণবাদ, ঘৃণাত্মক ভাষা বা ব্যক্তিগত বিদ্বেষ প্রকাশের অজুহাত হতে পারে না। ক্রীড়াঙ্গনে সম্মান, সমতা এবং বৈচিত্র্যের মূল্যবোধ বজায় রাখার ওপরও জোর দিয়েছেন তারা।