সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
২:১৭ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬

গ্রিন কার্ডের আবেদন আরও কঠোরভাবে যাচাই করবে ট্রাম্প প্রশাসন, বদলাচ্ছে আর্থিক মূল্যায়নের নিয়ম

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে সরকারি সহায়তা কর্মসূচির ওপর নির্ভরশীল অভিবাসীদের জন্য নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে বাইডেন প্রশাসনের ২০২২ সালের নীতি বাতিল করে নতুন বিধিমালার প্রস্তাব দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন প্রস্তাব অনুযায়ী, গ্রিন কার্ডের আবেদনকারীর আর্থিক সক্ষমতা মূল্যায়নে অভিবাসন কর্মকর্তাদের ক্ষমতা আরও বাড়ানো হবে। […]

গ্রিন কার্ডের আবেদন আরও কঠোরভাবে যাচাই করবে ট্রাম্প প্রশাসন, বদলাচ্ছে আর্থিক মূল্যায়নের নিয়ম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে সরকারি সহায়তা কর্মসূচির ওপর নির্ভরশীল অভিবাসীদের জন্য নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে বাইডেন প্রশাসনের ২০২২ সালের নীতি বাতিল করে নতুন বিধিমালার প্রস্তাব দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।

নতুন প্রস্তাব অনুযায়ী, গ্রিন কার্ডের আবেদনকারীর আর্থিক সক্ষমতা মূল্যায়নে অভিবাসন কর্মকর্তাদের ক্ষমতা আরও বাড়ানো হবে। আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, শিক্ষা, চাকরির ইতিহাস, আয়, সম্পদ, পারিবারিক আর্থিক অবস্থা এবং অতীতে সরকারি সহায়তা নেওয়ার তথ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কর্মকর্তারা যদি মনে করেন, কোনো আবেদনকারী ভবিষ্যতে নিজের আয়ের পরিবর্তে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাহলে তার গ্রিন কার্ড আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।

ডিএইচএস জানিয়েছে, মূল্যায়নের সময় মেডিকেইড (স্বল্প আয়ের মানুষের সরকারি স্বাস্থ্যসেবা), এসএনএপি বা খাদ্য সহায়তা কর্মসূচি, সরকারি আবাসন সহায়তা এবং নিম্ন আয়ের মানুষের জন্য অন্যান্য সরকারি সুবিধা গ্রহণের বিষয়টিও বিবেচনায় আসতে পারে। তবে শুধুমাত্র একটি সরকারি সুবিধা নেওয়ার কারণে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না; আবেদনকারীর সামগ্রিক আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এই নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের সুরক্ষা নিশ্চিত হবে এবং সরকারি সহায়তা কর্মসূচির অপব্যবহার কমবে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) বলেছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন করতে ইচ্ছুক ব্যক্তিদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত এবং তারা যেন দেশের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা হয়ে না দাঁড়ান—এটাই নতুন নীতির মূল উদ্দেশ্য।

এর পাশাপাশি বিদেশ থেকে গ্রিন কার্ডের আবেদনকারীদের কাছ থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত জামানত (বন্ড) নেওয়ার প্রস্তাবও বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, এর উদ্দেশ্য হলো আবেদনকারীর আর্থিক সক্ষমতা নিশ্চিত করা। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।

ডিএইচএসের হিসাব অনুযায়ী, নতুন নীতি কার্যকর হলে আগামী ১০ বছরে ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের সরকারি সহায়তা কর্মসূচিতে প্রায় ১১১ বিলিয়ন ডলার ব্যয় কমতে পারে। সংস্থাটির ধারণা, নতুন নিয়মের কারণে অনেক অভিবাসী সরকারি সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।

তবে অভিবাসন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের একাংশ এই নীতির সমালোচনা করেছেন। তাদের মতে, এর ফলে অনেক বৈধ অভিবাসীও স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও আবাসন সুবিধার মতো আইনগতভাবে প্রাপ্য সরকারি সেবা নিতে ভয় পাবেন। এছাড়া কর্মকর্তাদের হাতে বেশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়ায় একই ধরনের আবেদনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আসার আশঙ্কাও রয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, সরকারি সুবিধা ব্যবহারে সীমাবদ্ধতা এবং আর্থিকভাবে স্বাবলম্বী অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার নীতিতে জোর দিয়ে আসছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ