মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তার দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও তার সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রায় এক ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা প্রথমবারের মতো দেশে ফেরার সম্ভাব্য সময়সীমা […]
ছবি: সংগৃহীত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তার দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও তার সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রায় এক ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা প্রথমবারের মতো দেশে ফেরার সম্ভাব্য সময়সীমা প্রকাশ করেন। নির্বাসনে যাওয়ার পর এই প্রথম তিনি কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ডিসেম্বরে দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করার ইচ্ছা রয়েছে তার। তিনি আরও জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের নির্বাসিত কয়েকজন জ্যেষ্ঠ নেতাও একই সময়ে দেশে ফিরতে পারেন।
তিনি দাবি করেন, দেশে ফেরার এই সিদ্ধান্তের বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা বা পরামর্শ করেননি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার এই ঘোষণাকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, তার দেশে ফেরার পরিকল্পনা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে।
তবে সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একইভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া প্রত্যর্পণের অনুরোধ তারা পর্যালোচনা করছে এবং দুই দেশের সম্পর্ক জোরদারে নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী।
নির্বাসনে যাওয়ার পর শেখ হাসিনা বিভিন্ন সময় লিখিত বিবৃতি দিলেও, রয়টার্সকে দেওয়া এই সাক্ষাৎকারই আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে তার প্রথম সরাসরি সাক্ষাৎকার হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: রয়টার্স