সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:০৫ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬

নয় দিনে ৪৫ পরিবহনে আগুন, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৫৫

নভেম্বরের প্রথমার্ধে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৫ নভেম্বর—এই নয় দিনে সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৪৫টি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১টি মামলা হয়েছে এবং ৫৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ককটেল […]

নয় দিনে ৪৫ পরিবহনে আগুন, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৫৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নভেম্বরের প্রথমার্ধে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৫ নভেম্বর—এই নয় দিনে সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৪৫টি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১টি মামলা হয়েছে এবং ৫৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও হামলার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

ছয় দিনে বেড়েছে নাশকতার ঘটনা

পুলিশের আগের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে নাশকতার ঘটনা বাড়ার চিত্র পাওয়া যায়। ৭ থেকে ৯ নভেম্বর—প্রথম তিন দিনে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের তথ্য জানানো হয়েছিল। ওই সময় এসব ঘটনায় ১১টি মামলা হয় এবং ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

পরবর্তী ছয় দিনে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের সংখ্যা আরও বেড়েছে। নয় দিনের হিসাব অনুযায়ী, ককটেল বিস্ফোরণের স্থান ৫১টি এবং অগ্নিসংযোগের শিকার পরিবহনের সংখ্যা ৪৫টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বিস্ফোরণ

রাজধানী ঢাকায় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা বিশেষ উদ্বেগ তৈরি করেছে। গত ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবনসংলগ্ন এলাকা এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে এবং রাজধানীর বিভিন্ন থানা ও সরকারি স্থাপনার আশপাশেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে ১ নভেম্বর থেকে রাজধানীতে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বলে সংবাদমাধ্যমে জানানো হয়।

সতর্ক পুলিশ, চার জেলায় অতিরিক্ত সদস্য মোতায়েন

ক্রমবর্ধমান নাশকতা মোকাবিলায় দেশের সব জেলার পুলিশ সুপারকে (এসপি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত ১০ নভেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার এবং সব রেঞ্জের উপমহাপরিদর্শকদের (ডিআইজি) সঙ্গে জরুরি বৈঠক করেন।

বৈঠকে নাশকতায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, রাতের টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন ঘটনার তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ