‘মনে হচ্ছিল এটাই জীবনের শেষ অধ্যায়’ জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাওয়ার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন বাংলাদেশি জ্যেষ্ঠ সাংবাদিক এম. মোশাররফ হোসাইন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট উড্ডয়নের মাত্র ২০ মিনিট পর প্রচণ্ড ঝাঁকুনির কবলে পড়ে। এ সময় প্রায় ৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে বিমানটি সাড়ে ৪ হাজার ফুটে চলে […]
ছবি: সংগৃহীত
‘মনে হচ্ছিল এটাই জীবনের শেষ অধ্যায়’
জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাওয়ার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন বাংলাদেশি জ্যেষ্ঠ সাংবাদিক এম. মোশাররফ হোসাইন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট উড্ডয়নের মাত্র ২০ মিনিট পর প্রচণ্ড ঝাঁকুনির কবলে পড়ে। এ সময় প্রায় ৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে বিমানটি সাড়ে ৪ হাজার ফুটে চলে আসে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কেবিনে। যাত্রীদের চিৎকার ও কান্নায় তৈরি হয় ভীতিকর পরিস্থিতি।
পরে পাইলটের পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত কাতারে নিরাপদে অবতরণ করে বিমানটি। শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাংবাদিক এম. মোশাররফ হোসাইন।
গত ৯ নভেম্বর কাতার এয়ারওয়েজের ফ্লাইট QR643-এ তুরস্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে রাত ১০টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার হয়ে তুরস্কে যাচ্ছিলেন তিনি।
কিন্তু উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় হঠাৎ বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি ও দুলুনির কবলে পড়ে। একই সঙ্গে উচ্চতা দ্রুত কমতে থাকে। প্রায় ৯ হাজার ফুট থেকে নেমে সাড়ে ৪ হাজার ফুটে চলে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মনে হয়, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছে।
আকস্মিক এই পরিস্থিতিতে বিমানের ভেতর শুরু হয় চিৎকার ও কান্নাকাটি। কেউ ভয়ে সৃষ্টিকর্তাকে ডাকছিলেন, কেউ চিৎকার করছিলেন, আবার কেউ আতঙ্কে নির্বাক হয়ে বসেছিলেন।
এম. মোশাররফ হোসাইনের বর্ণনা অনুযায়ী, সেই মুহূর্তে যাত্রীদের অনেকের চোখের সামনে ভেসে উঠছিল প্রিয়জনদের মুখ। তাঁর নিজেরও মনে হচ্ছিল, এটাই হয়তো জীবনের শেষ অধ্যায়।
তবে শেষ পর্যন্ত পাইলটের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। ধীরে ধীরে বিমানের অবস্থা স্বাভাবিক হয়ে আসে এবং ফ্লাইটটি নিরাপদে কাতারে অবতরণ করে।
এমন ভয়াবহ অভিজ্ঞতার পর জীবনের মূল্য নতুন করে উপলব্ধি করেছেন বলে জানান এই সাংবাদিক। তাঁর উপলব্ধি, পৃথিবীর সব অর্জন, ব্যস্ততা ও পেশাগত সাফল্যের চেয়ে নিরাপদে বেঁচে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ঢাকা থেকে যাত্রা শুরুর পর আকাশে ঘটে যাওয়া সেই ভয়ংকর অভিজ্ঞতা তাঁর মনে গভীর দাগ কেটেছে। বর্তমানে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে অবস্থান করছেন।
সূত্র: এম. মোশাররফ হোসাইনের ভেরিফায়েড ফেসবুক পোস্ট