সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৫০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা, লক্ষ্য ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতি

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোরের পাইলট প্রকল্প বাস্তবায়নের পর চট্টগ্রাম পর্যন্ত এই নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের গতি বাড়ানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর আশা করছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা […]

ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা, লক্ষ্য ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোরের পাইলট প্রকল্প বাস্তবায়নের পর চট্টগ্রাম পর্যন্ত এই নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের গতি বাড়ানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর আশা করছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথকে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নির্বাচন করা হয়েছে।

তিনি জানান, পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

পাইলট প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না। এতে নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সহজ হবে।

ঢাকা-চট্টগ্রাম রুটে পণ্য পরিবহনে গুরুত্ব

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার পেছনে এই রুটের বাণিজ্যিক গুরুত্বকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে।

রফিকুল ইসলাম বলেন, এ রেলপথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়। এটি মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩ শতাংশ।

অন্যদিকে, ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের লক্ষ্য রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বৈদ্যুতিক ট্রেনের উপযোগী অবকাঠামো নির্মাণ

বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এই সেবা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশ রেলওয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

রফিকুল ইসলাম জানান, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে, টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ শেষ হয়েছে।

জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করবে।

এ ছাড়া টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের উপযোগী অবকাঠামো তৈরির লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

বুলেট ট্রেনের বদলে ১৪০ কিলোমিটার গতির ট্রেনে গুরুত্ব

রেলওয়ে সূত্রে জানা গেছে, সরকার বর্তমানে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এ ছাড়া জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তাঁর মতে, অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা তুলনামূলকভাবে বাস্তবসম্মত।

জ্বালানি সাশ্রয় ও কার্বন নিঃসরণ কমানোর আশা

বৈদ্যুতিক ট্রেন চালু হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ হ্রাস পেতে পারে। বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনাও মূল্যায়ন করছে।

রফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া অনুসরণ করে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথের পাইলট প্রকল্পকে দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি হিসেবে দেখছে বাংলাদেশ রেলওয়ে। পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণ দেশের যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

সূত্র: বাসস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ