সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:১০ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বর থেকে আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান […]

১৬ ডিসেম্বর থেকে আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় টার্মিনাল চালুর আগে ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন এবং বাকি কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে মতবিনিময় করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করতে হবে।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আংশিকভাবে চালু করা হবে। শুরুতে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে। এরপর ধাপে ধাপে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতায় নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ