যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের তৃতীয় বৃহত্তম শহর ইয়ঙ্কার্সে হ্যালোউইন উপলক্ষে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের জন্য বয়সভিত্তিক কারফিউ কার্যকর করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর শহরজুড়ে এ বিধিনিষেধ বলবৎ থাকবে বলে মঙ্গলবার জানিয়েছেন ইয়ঙ্কার্সের মেয়র মাইক স্পানো। ইয়ঙ্কার্স পুলিশ বিভাগের পরামর্শ অনুযায়ী, ১১ বছর বা তার কম বয়সী শিশুদের রাত ১০টার মধ্যে বাড়ি ফিরতে হবে। […]
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের তৃতীয় বৃহত্তম শহর ইয়ঙ্কার্সে হ্যালোউইন উপলক্ষে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের জন্য বয়সভিত্তিক কারফিউ কার্যকর করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর শহরজুড়ে এ বিধিনিষেধ বলবৎ থাকবে বলে মঙ্গলবার জানিয়েছেন ইয়ঙ্কার্সের মেয়র মাইক স্পানো।
ইয়ঙ্কার্স পুলিশ বিভাগের পরামর্শ অনুযায়ী, ১১ বছর বা তার কম বয়সী শিশুদের রাত ১০টার মধ্যে বাড়ি ফিরতে হবে। ১২ থেকে ১৩ বছর বয়সীদের জন্য বাড়ি ফেরার সময়সীমা রাত সাড়ে ১০টা। অন্যদিকে, ১৪ থেকে ১৬ বছর বয়সীদের রাত ১১টার মধ্যে বাড়ি ফিরতে হবে।
তবে অভিভাবক বা আইনগত তত্ত্বাবধায়কের সঙ্গে থাকলে শিশু-কিশোরদের এ সময়সীমার বাইরে থাকার সুযোগ থাকবে। অভিভাবকের অনুমতি নিয়ে বিশেষ কোনো কাজে বাইরে যেতে হলেও আগে থেকে ইয়ঙ্কার্স পুলিশ বিভাগের কমিউনিটি অ্যাফেয়ার্স বিভাগকে জানাতে হবে। এ ক্ষেত্রে কারফিউ প্রযোজ্য হবে না।
স্কুলের অনুষ্ঠান, ধর্মীয় কার্যক্রম কিংবা স্বেচ্ছাসেবামূলক জনবিনোদনমূলক আয়োজনে অংশ নেওয়া শিশু-কিশোরদের জন্যও বিশেষ ছাড় রাখা হয়েছে। এসব আয়োজন শেষ হওয়ার ৩০ মিনিট পর পর্যন্ত তারা বাইরে থাকতে পারবে। তবে আয়োজকেরা অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশকে অবহিত না করলে সংশ্লিষ্ট শিশু-কিশোরদের রাত ১২টা ৩০ মিনিটের মধ্যে বাড়ি ফিরতে হবে।
কর্মস্থল থেকে বাড়ি ফেরার ক্ষেত্রেও কারফিউ থেকে ছাড়ের বিধান রয়েছে। তবে এ ক্ষেত্রে নিয়োগকর্তার দেওয়া প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া অভিভাবক বা প্রতিবেশীর অনুমতি নিয়ে ১৬ বছর বা তার কম বয়সীরা নিজ বাড়িতে কিংবা বাড়ির ঠিক পাশের এলাকায় বাইরে থাকতে পারবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কারফিউ ভঙ্গকারী শিশু-কিশোরদের নিকটবর্তী ইয়ঙ্কার্স পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হবে। একই সঙ্গে তাদের অভিভাবক বা আইনগত তত্ত্বাবধায়ককে বিষয়টি জানানো হবে।
কারফিউ সম্পর্কে বিস্তারিত জানতে ইয়ঙ্কার্স পুলিশ বিভাগের ৯১৪-৩৭৭-৭৯২৩ নম্বরে যোগাযোগ করা যাবে।