চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে বিশ্বকাপকে সামনে রেখে। ২০২৩ সালে এসিএল ইনজুরির পর জাতীয় দলে আর দেখা যায়নি তাকে। সামনে বিশ্বকাপ থাকায় তার স্কোয়াডে থাকা না থাকা নিয়ে জোর আলোচনা চলছে।ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলে কোনোভাবেই নেইমারকে দলে নেওয়া […]
ছবি: সংগৃহীত
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে বিশ্বকাপকে সামনে রেখে। ২০২৩ সালে এসিএল ইনজুরির পর জাতীয় দলে আর দেখা যায়নি তাকে। সামনে বিশ্বকাপ থাকায় তার স্কোয়াডে থাকা না থাকা নিয়ে জোর আলোচনা চলছে।
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলে কোনোভাবেই নেইমারকে দলে নেওয়া হবে না। যদিও নেইমার নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগের চেয়ে অনেকটাই ফিট হয়েছেন, তবুও শতভাগ ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।
তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য বলছে, নেইমারকে নিয়ে ভিন্ন পরিকল্পনাও করছেন আনচেলত্তি। নতুন শর্ত অনুযায়ী, যদি নেইমার শুরুর একাদশে না থাকার বিষয়টি মেনে নেন বা বেঞ্চে বসতে রাজি থাকেন, তাহলে তাকে স্কোয়াডে রাখার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
এ বিষয়ে ব্রাজিল দলের মিডফিল্ডার ক্যাসেমিরো জানিয়েছেন, নেইমার এই ধরনের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত থাকবেন। তার মতে, দলের সাফল্যই নেইমারের কাছে সবচেয়ে বড়, এবং ট্রফি জয়ের জন্য তিনি অনেক কিছুই ছাড় দিতে পারেন।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাসেমিরো বলেন, “আমার মতে- নেইমারের এই ধরনের (একাদশে প্রভাব বিস্তার করা) কোনো সমস্যা কখনোই ছিল না। এমনকি জাতীয় দলের অন্যতম অধিনায়ক হওয়ার মতো বয়স এবং অভিজ্ঞতা তার আছে। কিন্তু জাতীয় দলে এসব নিয়ে সে কখনোই মাথা ঘামায়নি। সে সবসময় বলত- ‘আমাকে বল দাও, চলো আনন্দ করি এবং ফুটবল খেলি। আর এটাই আমি। আমি মাঠে আনন্দ করতে চাই, খেলা উপভোগ করতে চাই।’ নেইমার সবসময় এটাই প্রমাণ করেছেন।”
তিনি আরও বলেন, “নেইমার কখনোই প্রভাব বিস্তারকারী হওয়ার ভূমিকা নিতে চায়নি। সে সবসময় এমন একজন মানুষ, যে মাঠে আনন্দ করতে চেয়েছে। আমার মনে হয়, আপনি যদি তার সাথে বিশ্বকাপে খেলার ইচ্ছা নিয়ে কথা বলেন এবং যদি তাকে (বেঞ্চে বসার) প্রস্তাব দেন, তবে সে জাতীয় দলে যেতে চাইবে, কারণ সে বিশ্বকাপে খেলতে চায়।”
নেইমারকে ঘিরে চলমান আলোচনা নিয়ে কিছুটা বিরক্তিও প্রকাশ করেছেন ক্যাসেমিরো। তিনি বলেন, “এটা বিরক্তিকর। কারণ সবাই (বিশ্বকাপে নেইমারকে নিয়ে) কথা বলে, সবাই জিজ্ঞাসা করে এবং সবাই উত্তর দেয়। বিশেষ করে আমি। সত্যি বলতে আমি নেইমারের বন্ধু—তাকে ১২ বছর বয়স থেকে চিনি।”
তার মতে, নেইমারের আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। ক্যাসেমিরো বলেন, “আমার মতে বিষয়টি খুব পরিষ্কার, নেইমারের নতুন করে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। সবকিছু নির্ভর করছে, সে তার সেরা শারীরিক অবস্থার কতটা কাছাকাছি পৌঁছাতে পারছে তার ওপর। কারণ প্রতিভার কথা বললে, সে কত বড় মাপের খেলোয়াড় তা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।”