সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
১১:৫৯ পূর্বাহ্ন, ১ জুন ২০২৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসীদের সতর্কতা, আইস আতঙ্কে সক্রিয় শতাধিক সংগঠন

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিবাসী অধিকার সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। অভিবাসন সংস্থা আইসিইর (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সম্ভাব্য অভিযান ও গ্রেপ্তারের আশঙ্কায় দর্শক এবং স্থানীয় অভিবাসীদের সতর্ক করতে একজোট হয়েছে ১২০টিরও বেশি সংগঠন। প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস, ডালাস, মিয়ামি ও সিয়াটলসহ বিভিন্ন আয়োজক শহরে মানবাধিকার […]

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসীদের সতর্কতা, আইস আতঙ্কে সক্রিয় শতাধিক সংগঠন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিবাসী অধিকার সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। অভিবাসন সংস্থা আইসিইর (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সম্ভাব্য অভিযান ও গ্রেপ্তারের আশঙ্কায় দর্শক এবং স্থানীয় অভিবাসীদের সতর্ক করতে একজোট হয়েছে ১২০টিরও বেশি সংগঠন।

প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস, ডালাস, মিয়ামি ও সিয়াটলসহ বিভিন্ন আয়োজক শহরে মানবাধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও আইনজীবীরা জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তুলছে। তাদের লক্ষ্য, বিশ্বকাপ চলাকালে কোনো অভিবাসন অভিযান চালানো হলে দ্রুত আইনি সহায়তা ও প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করা।

লস অ্যাঞ্জেলেসে সোফাই স্টেডিয়ামে কর্মরত দুই হাজারের বেশি আতিথেয়তা কর্মীর প্রতিনিধিত্বকারী একটি শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, স্টেডিয়াম এলাকায় আইসিই এজেন্টদের উপস্থিতি অব্যাহত থাকলে তারা ধর্মঘটে যেতে পারে।

ডালাসে মানবাধিকার সংগঠন এল মুভিমিয়েন্তো ডিএফডব্লিউ গির্জা, দোকান ও আবাসিক এলাকায় ‘হুইসেল কিট’ বিতরণ শুরু করেছে। এসব কিটে আইসিই উপস্থিতি শনাক্তের তথ্য এবং বিনামূল্যে অভিবাসন আইনজীবীর সঙ্গে যোগাযোগের উপায় রাখা হয়েছে।

বিভিন্ন সংগঠন সম্ভাব্য বিদেশি দর্শনার্থীদের জন্যও সতর্কতা জারি করেছে। তাদের ভাষ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে “অবৈধভাবে প্রবেশ নিষেধাজ্ঞা, গ্রেপ্তার, আটক ও নির্বাসনের ঝুঁকি” তৈরি হতে পারে।

বিশ্বকাপ এমন এক সময়ে যুক্তরাষ্ট্রে আয়োজন করা হচ্ছে, যখন দেশটির অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র। অধিকার সংগঠনগুলোর দাবি, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণেই এই উদ্বেগ আরও বেড়েছে।

তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সংস্থাটির মতে, খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার।

সিয়াটলে শ্রম অধিকার সংগঠন ‘ওয়ার্কিং ওয়াশিংটন’ কর্মীদের জন্য সাংবিধানিক অধিকারবিষয়ক প্রশিক্ষণ চালু করেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হলে কীভাবে আচরণ করতে হবে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে।

অন্যদিকে মিয়ামিতে, যেখানে অভিবাসী গ্রেপ্তারের হার তুলনামূলক বেশি, সেখানে বিশেষ হটলাইন ও পর্যবেক্ষক দল সক্রিয় করা হয়েছে। এসব দল আইসিইর কার্যক্রম নথিভুক্ত করবে।

এদিকে কয়েকটি সংগঠন যৌথভাবে ‘নো আইসিই ইন দ্য কাপ’ নামে জাতীয় প্রচারণাও শুরু করেছে। এর আওতায় আয়োজক শহরগুলোতে “সেফ জোন”, কমিউনিটি সহায়তা কেন্দ্র এবং অভিবাসীদের জন্য জরুরি সহায়তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিকারকর্মীদের মতে, এই উদ্যোগ শুধু মানবাধিকার নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। তাদের আশঙ্কা, অভিবাসন অভিযান ও নিরাপত্তা আতঙ্ক বাড়লে বিশ্বকাপ ঘিরে পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ