জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির হাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব তুলে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এই কমিটিকে অবৈধ দাবি করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে যে অভিযোগ করেছেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সেটিকে খুব একটা আমলে নিচ্ছে না আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সূত্রগুলোর দাবি, […]
ছবি: সংগৃহীত
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির হাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব তুলে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এই কমিটিকে অবৈধ দাবি করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে যে অভিযোগ করেছেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সেটিকে খুব একটা আমলে নিচ্ছে না আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সূত্রগুলোর দাবি, বুলবুলের অবস্থানে স্পষ্ট অসঙ্গতি থাকায় তার অভিযোগ দুর্বল হয়ে পড়েছে। দায়িত্বে থাকাকালে তিনি একদিকে আইসিসিকে জানিয়েছিলেন, সরকারের অনুমতির অভাবে বাংলাদেশ জাতীয় দল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি। আবার সাম্প্রতিক অভিযোগে বলছেন, সরকারি হস্তক্ষেপেই তাকে অপসারণ করা হয়েছে। আইসিসির দৃষ্টিতে এই দুই বক্তব্যের মধ্যে সাংঘর্ষিকতা রয়েছে।
আইসিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে সভাপতি একসময় সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে দলকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন, তিনিই এখন সেই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুরক্ষা চাইছেন—এটি স্বাভাবিক নয়।
অন্যদিকে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটি জানিয়েছে, দেশের ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিসিবি ভারত সফরের আগ্রহ দেখিয়েছে এবং চলতি বছর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচিতে ভারতের বাংলাদেশ সফরের বিষয়টি আগে থেকেই নির্ধারিত থাকায় এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের ভাষ্য, সাম্প্রতিক উত্তেজনার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করতেই নতুন প্রশাসন এই কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ অংশ না নেওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড টুর্নামেন্টে অংশ নেয়।
সব মিলিয়ে, বিসিবির নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন আন্তর্জাতিক পরিসরে কোন পথে এগোয়, এখন সেটাই দেখার বিষয়।