মধ্যপ্রাচ্যের হঠাৎ অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচ ফিনালিসিমার আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ব ফুটবলের দুই মহাদেশীয় সেরা দলের এই দ্বৈরথ ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি […]
মধ্যপ্রাচ্যের হঠাৎ অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচ ফিনালিসিমার আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিশ্ব ফুটবলের দুই মহাদেশীয় সেরা দলের এই দ্বৈরথ ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। বিশেষ করে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসিকে একই মঞ্চে দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা।
তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পর গোটা অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সূচি জানানো হবে।
এতে করে ফিনালিসিমার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ম্যাচ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়োজক সংস্থা উয়েফা ও কনমেবল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বলে ধারণা করা হচ্ছে।
সংঘাতের প্রভাব কেবল কাতারেই সীমাবদ্ধ নেই। বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশনও তাদের সব নির্ধারিত ম্যাচ স্থগিত করেছে। পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটের আসন্ন ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। কোয়ার্টার ফাইনালে থাকা এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু ও চ্যালেঞ্জ লিগের সূচিতেও পরিবর্তন আসছে।
নিরাপত্তা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে মাঠে গড়াবে কি না বহু আলোচিত এই ফিনালিসিমা—সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। আপাতত অনিশ্চয়তার মধ্যেই অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের।