সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:১১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

মেক্সিকোতে মাদক সম্রাটকে গ্রেপ্তারের অভিযানে সংঘর্ষ, নিহত ১১

মেক্সিকোর সামরিক বাহিনীর অভিযানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড পলাতক আসামির একজন এবং কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস গ্রেপ্তার হয়েছেন। ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত এই মাদক কারবারিকে ধরতে শুক্রবার রাতে সিনালোয়া অঙ্গরাজ্যের গুয়াসাভে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর মাদক পাচারকারী চক্রের আরও দুই শীর্ষ […]

মেক্সিকোতে মাদক সম্রাটকে গ্রেপ্তারের অভিযানে সংঘর্ষ, নিহত ১১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মেক্সিকোর সামরিক বাহিনীর অভিযানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড পলাতক আসামির একজন এবং কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস গ্রেপ্তার হয়েছেন। ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত এই মাদক কারবারিকে ধরতে শুক্রবার রাতে সিনালোয়া অঙ্গরাজ্যের গুয়াসাভে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর মাদক পাচারকারী চক্রের আরও দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযান ঘিরে সংঘর্ষে চার সেনাসদস্য ও সাত হামলাকারীসহ মোট ১১ জন নিহত হয়েছেন।

শনিবার মেক্সিকোর নিরাপত্তাপ্রধান ওমর গার্সিয়া হারফুচ এ তথ্য নিশ্চিত করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০ বছরেরও বেশি সময় ধরে মেজা ফ্লোরেস ও তাঁর চক্র যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, মেথঅ্যামফেটামিন, কোকেন ও গাঁজা পাচার করে আসছিল। ‘বেলত্রান লেইভা’ কার্টেলের অন্যতম শীর্ষ নেতা মেজা ফ্লোরেস সম্প্রতি সিনালোয়া কার্টেলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ‘লস মায়োস’ গোষ্ঠীর সঙ্গে জোট বাঁধেন।

কার্টেল দমনে ব্যর্থ হলে মেক্সিকোর ভেতরে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই চাপের মুখে সাম্প্রতিক সময়ে শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মেক্সিকো সরকার।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে কৌশলগত তথ্য বিনিময়ের ভিত্তিতে দেশটির সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার রাতে গুয়াসাভেতে অভিযানের সময় কার্টেল সদস্যরা বিভিন্ন সড়কে গাড়ি পুড়িয়ে ব্যারিকেড তৈরি করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে জড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মেক্সিকান বাহিনীর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, বেসবল খেলা চলাকালে দর্শকদের নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়া এবং রাতের বাজারের পাশে সাধারণ মানুষের লুকিয়ে থাকার দৃশ্য দেখা গেছে।

অভিযানে চারজন পদাতিক সেনাসদস্য নিহত এবং সাতজন হামলাকারী মারা যান। এ ছাড়া আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন এল চাপো ইসিদ্রো, তাঁর চাচাতো ভাই—যিনি চক্রের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত—এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকারী তাঁর ভগ্নিপতি। শনিবার ভোরে তাঁদের মেক্সিকো সিটিতে নিয়ে বিশেষায়িত প্রসিকিউটরের দপ্তরে হস্তান্তর করা হয়।

অভিযানস্থল থেকে একটি .৫০-ক্যালিবার রাইফেল, গ্রেনেড লঞ্চার ও দুটি হাতবোমা জব্দ করা হয়েছে। শনিবারের মধ্যে সিনালোয়ায় সহিংসতা অনেকটাই কমে এলেও রাতভর আতঙ্কে ঘরবন্দী থাকা বাসিন্দাদের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ ছিল।

তথ্যসূত্র: রয়টার্স

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ