যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৭ জনে। সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক তাপমাত্রা ও আর্দ্রতা মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করায় সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) ফ্রান্স টোয়েন্টিফোরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৭ জনে। সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক তাপমাত্রা ও আর্দ্রতা মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করায় সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) ফ্রান্স টোয়েন্টিফোরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরিসংখ্যান অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে মৃত্যুর হিসাবে চলতি বছরটি দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী বছর হতে যাচ্ছে।
ভাইরাসটির ভয়াবহতার অভিজ্ঞতা হয়েছে ক্যালিফোর্নিয়ার বারব্যাংকের বাসিন্দা ম্যান্ডি বাডের। মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। নিজের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি বেঁচে আছি, এতেই আমি খুশি। এই ভাইরাসে যারা প্রাণ হারিয়েছেন, আমিও তাদের একজন হতে পারতাম—ভাবতেই ভয় লাগে।’
তাপ ও আর্দ্রতায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি
সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের স্বাভাবিক অবস্থার তুলনায় বেশি তাপমাত্রা ও আর্দ্রতা বিরাজ করছে। আবহাওয়ার এই পরিস্থিতি মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। ফলে ভাইরাসটির বিস্তারও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা যায়। সাধারণত সংক্রমিত পাখিকে মশা কামড়ানোর পর সেই মশা মানুষকে কামড়ালে ভাইরাসটি মানুষের শরীরে ছড়িয়ে পড়ে।
তথ্যসূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর