সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
৫:৪০ অপরাহ্ন, ২৮ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অনুমোদনে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) বা ইন্টার্নশিপের অনুমোদন প্রক্রিয়ায় নতুন করে কঠোরতা আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে একটি বিশেষ মেমো পাঠানো হয়েছে। মেমোতে থাকা নির্দেশনা ও বিধিবিধান অনুসরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সরকারি অনুমোদন বা সার্টিফিকেশন বাতিল হতে পারে বলে সতর্ক করা […]

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অনুমোদনে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) বা ইন্টার্নশিপের অনুমোদন প্রক্রিয়ায় নতুন করে কঠোরতা আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে একটি বিশেষ মেমো পাঠানো হয়েছে। মেমোতে থাকা নির্দেশনা ও বিধিবিধান অনুসরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সরকারি অনুমোদন বা সার্টিফিকেশন বাতিল হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ আগস্ট ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) পরিচালিত ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ (এসইভিপি) থেকে মেমোটি জারি করা হয়। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিপিটি অনুমোদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মেমোতে আরও বলা হয়েছে, বিদ্যমান বিধি অনুযায়ী সিপিটি কেবল শিক্ষার্থীর পাঠ্যক্রমের অপরিহার্য বা বাধ্যতামূলক অংশ হলে অনুমোদন দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে। এর বাইরে সিপিটিকে নিয়মিত চাকরির সুযোগ হিসেবে ব্যবহারের সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশে মেমোতে সতর্ক করে বলা হয়েছে, এসইভিপির নির্ধারিত নিয়ম ও প্রবিধান যথাযথভাবে অনুসরণ করা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির জন্য প্রয়োজনীয় সরকারি সার্টিফিকেশন হারাতে পারে।

কঠোর নির্দেশনা জারির পরই যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউসিএলএ) এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাজের অনুমোদনের আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে।

ইউসিএলের এক মুখপাত্র জানিয়েছেন, সরকারি মেমোটি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের অনুমোদন স্থগিত রেখেছে।

অন্যদিকে, বার্কলের আন্তর্জাতিক দপ্তর শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ নিয়ে আগেভাগে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। দপ্তরটি জানিয়েছে, অদূর ভবিষ্যতে নির্দিষ্ট কিছু কাজের জন্য সিপিটি অনুমোদন সীমিত হতে পারে।

তবে যেসব সিপিটি শিক্ষার্থীদের ডিগ্রি সম্পন্নের জন্য বাধ্যতামূলক, সেগুলোর অনুমোদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বার্কলে। একইভাবে ডক্টরাল ডিসারটেশন এবং মাস্টার্স থিসিসের গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট সিপিটিও আগের মতো চালু থাকবে।

এদিকে আইসিইর মূল অভিভাবক সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, সিপিটি সংক্রান্ত বিদ্যমান নিয়মে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় ও নিয়োগকর্তাদের সতর্ক করে সংস্থাটি বলেছে, ট্রাম্প প্রশাসনের অধীনে নীতিমালার তুলনামূলক উদার ব্যবস্থার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এর ফলে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ করে পাঠ্যক্রমের বাইরের বা ঐচ্ছিক কাজের সঙ্গে যুক্ত সিপিটি পাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোও সরকারি নির্দেশনা পর্যালোচনা করে নিজেদের নীতিমালা ও অনুমোদন প্রক্রিয়ায় পরিবর্তন আনছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ