যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে সৃষ্ট বিমান চলাচল বিপর্যয়ের প্রভাব দ্বিতীয় দিনেও কাটেনি। শুক্রবার দেশজুড়ে প্রায় পাঁচ ঘণ্টা ফ্লাইট চলাচল স্থগিত থাকার পর শনিবারও ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আগের দিন বাতিল হয়েছিল প্রায় ১০ হাজার ফ্লাইট। বিপর্যয়ের কারণে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে রোববার পর্যন্ত সময় […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে সৃষ্ট বিমান চলাচল বিপর্যয়ের প্রভাব দ্বিতীয় দিনেও কাটেনি। শুক্রবার দেশজুড়ে প্রায় পাঁচ ঘণ্টা ফ্লাইট চলাচল স্থগিত থাকার পর শনিবারও ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আগের দিন বাতিল হয়েছিল প্রায় ১০ হাজার ফ্লাইট। বিপর্যয়ের কারণে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে রোববার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। পরিবহনমন্ত্রী শন ডাফির ভাষ্য অনুযায়ী, পুরোনো সুইচ ও রাউটার অতিরিক্ত ডেটার চাপে পড়ে এবং তথ্যের মধ্যে অসংগতি তৈরি হয়। এতে উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রকদের যোগাযোগ ও রাডার তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এফএএ দেশজুড়ে ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয়।
এ সময় আকাশে থাকা ৩ হাজার ৫০০টির বেশি উড়োজাহাজকে নিরাপদে অবতরণ করানোর ব্যবস্থা নেওয়া হয়। পরে রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে উড়োজাহাজ ও ক্রুরা বিভিন্ন বিমানবন্দরে ছড়িয়ে পড়ায় স্বাভাবিক সূচিতে ফিরতে এয়ারলাইনগুলোকে বাড়তি সময়ের প্রয়োজন হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল হয়েছিল। ডেল্টা এয়ার লাইনস ও আমেরিকান এয়ারলাইনসের ২ হাজার ২০০টির বেশি করে এবং ইউনাইটেড এয়ারলাইনসের প্রায় ১ হাজার ৮০০ ফ্লাইট বাতিল হয়। শনিবারও পরিস্থিতির উন্নতি হয়নি। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, এদিন ৪ হাজার ১০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আরেক সংস্থা সিরিয়ামের হিসাবে সংখ্যাটি ৩ হাজার ২০০ ছাড়িয়েছে।
এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, শনিবারও ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটবে। তবে রোববারের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের সূচি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তিনি। তাঁর ভাষায়, সবচেয়ে খারাপ পরিস্থিতি পেছনে ফেলে আসা গেছে।
এদিকে শনিবার নতুন করে বিপর্যয়ের সম্ভাব্য কারণ সম্পর্কে তথ্য দিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। তাঁর বক্তব্য অনুযায়ী, এফএএর ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি-হ্যারিস একটি দূরবর্তী স্থানে পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক লাইন স্থাপনের কাজ করছিল। ওই কাজের সময় কীভাবে যোগাযোগব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হলো, তা তদন্ত করা হচ্ছে। ঠিকাদারের কাজের ভুল, নাকি ত্রুটিপূর্ণ রাউটারের কারণে এ ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ডাফি জানান, কয়েক সেকেন্ডের মধ্যে এক হাজারের বেশি সংযোগের চেষ্টা হওয়ায় অন্য যোগাযোগকেন্দ্রগুলোর ওপরও চাপ পড়ে। এতে উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ এবং রাডার ব্যবস্থায় বিঘ্ন ঘটে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাজের সমালোচনা করেছেন।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন এবং পরিবহনমন্ত্রী ডাফি জানিয়েছেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এফএএর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থাও বিপর্যয়ের কারণ নয় বলে জানিয়েছেন ডাফি। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান চলছে।
বিমান চলাচল বিপর্যয়ের কারণে নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরের বিমানবন্দরে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেক উড়োজাহাজ অবতরণের পরও গেট না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে। যাত্রীদের কেউ কেউ বিমানবন্দরে রাত কাটাতে বাধ্য হন। উড়োজাহাজ ও ক্রুদের অবস্থান এলোমেলো হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ—দুই ধরনের ফ্লাইটের সূচিতেই প্রভাব পড়ে।
যুক্তরাষ্ট্রের পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নের দাবি নতুন করে জোরালো হয়েছে। ডাফি কংগ্রেসের কাছে এ খাতে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন। তাঁর মতে, বর্তমান ব্যবস্থার প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর না করলে ভবিষ্যতেও এ ধরনের বিপর্যয় ঘটতে পারে। এদিকে শুক্রবারের ঘটনার পর শীর্ষ মার্কিন এয়ারলাইনগুলোর শেয়ারের দামও কমেছে।
এফএএর ইতিহাসে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে ফ্লাইট চলাচল স্থগিতের ঘটনা ছিল এটি দ্বিতীয়বার। তবে ২৫ বছরের মধ্যে শুক্রবারের স্থগিতাদেশটিই ছিল সবচেয়ে দীর্ঘ। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএর একটি গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছিল।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও মার্কিন পরিবহন বিভাগ