উয়েফা নেশনস লিগের আসন্ন আসরে শুরুতেই জমে উঠছে উত্তেজনা। ইউরোপিয়ান ফুটবলের দুই শক্তিধর দল স্পেন ও ইংল্যান্ড পড়েছে একই গ্রুপে। ফলে গ্রুপ পর্ব থেকেই দেখা যাবে এই দুই সাম্প্রতিক ফাইনালিস্টের মুখোমুখি লড়াই। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। অন্যদিকে, ২০২৩ সালের নেশনস লিগ জেতা স্পেন গত আসরে ফাইনালে পেনাল্টি শুটআউটে পর্তুগালের কাছে […]
ছবি: সংগৃহীত
উয়েফা নেশনস লিগের আসন্ন আসরে শুরুতেই জমে উঠছে উত্তেজনা। ইউরোপিয়ান ফুটবলের দুই শক্তিধর দল স্পেন ও ইংল্যান্ড পড়েছে একই গ্রুপে। ফলে গ্রুপ পর্ব থেকেই দেখা যাবে এই দুই সাম্প্রতিক ফাইনালিস্টের মুখোমুখি লড়াই।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। অন্যদিকে, ২০২৩ সালের নেশনস লিগ জেতা স্পেন গত আসরে ফাইনালে পেনাল্টি শুটআউটে পর্তুগালের কাছে পরাজিত হয়। তাই টমাস টুখেলের অধীনে নতুন করে যাত্রা শুরু করা ইংল্যান্ডের জন্য এই গ্রুপটিকে বেশ কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত লিগ পর্বের ড্র অনুযায়ী, লিগ ‘এ’র গ্রুপ-৩ এ স্পেন ও ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ২০২৩ আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবং চেক প্রজাতন্ত্র। লিগ ‘বি’ থেকে উঠে এসে এবার শীর্ষ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড। চলতি বছরের বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে নিজেদের গ্রুপে পেয়েছে তারা, যা ইংল্যান্ডের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
ড্রয়ে দেখা গেছে, নেশনস লিগে টানা দ্বিতীয়বারের মতো একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও ইতালি। লিগ ‘এ’র গ্রুপ-১ এ এই দুই দলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম ও তুরস্ক। গ্রুপ-২ এ সাবেক ফাইনালিস্ট নেদারল্যান্ডসের সঙ্গে লড়বে জার্মানি, সার্বিয়া ও গ্রিস। আর গ্রুপ-৪ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে রয়েছে ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস।
২০২৬–২৭ মৌসুমের উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্ব শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে এবং লিগ পর্ব শেষ হবে নভেম্বরের মধ্যে। প্রতিটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে নিজেদের গ্রুপের প্রতিপক্ষদের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।
লিগ ‘এ’র প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ২০২৭ সালের মার্চে কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকে চারটি দল জায়গা করে নেবে ফাইনালসে। পরবর্তীতে জুন মাসে চূড়ান্ত পর্ব শেষে নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়নের নাম।
গ্রুপ বিন্যাস
লিগ ‘এ’
গ্রুপ এ-১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক
গ্রুপ এ-২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস
গ্রুপ এ-৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ-৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস
লিগ ‘বি’
গ্রুপ বি-১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, উত্তর ম্যাসেডোনিয়া
গ্রুপ বি-২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, উত্তর আয়ারল্যান্ড
গ্রুপ বি-৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, কসোভো
গ্রুপ বি-৪: পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া, সুইডেন
লিগ ‘সি’
গ্রুপ সি-১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো
গ্রুপ সি-২: মন্টিনিগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি-৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস, মলদোভা
গ্রুপ সি-৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা
লিগ ‘ডি’
গ্রুপ ডি-১: লাটভিয়া/জিব্রাল্টার, লুক্সেমবার্গ/মাল্টা, আন্দোরা
গ্রুপ ডি-২: লিথুয়ানিয়া, আজারবাইজান, লিচেনস্টেইন