টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের “র্যাবিক্স” ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত হামের টিকা দিতে নিয়ে যান তার মা মৌ। নিয়ম অনুযায়ী স্বাস্থ্য […]
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের “র্যাবিক্স” ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত হামের টিকা দিতে নিয়ে যান তার মা মৌ। নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর এই টিকা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ নিয়ম বহির্ভূতভাবে অবসরকালীন ছুটিতে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে টিকা প্রয়োগ করান।
শিশুটির মা মৌ জানান, ভুল টিকা দেওয়ার প্রতিবাদ করলে স্বাস্থ্যকর্মী কাইয়ুম তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ভুল টিকা দেওয়ার পর থেকে শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির পরিবার।
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম বলেন, ভুলবশত এমনটি হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে চিকিৎসকদের মতে, এই ভ্যাকসিনে বড় ধরনের জটিলতা হওয়ার কথা নয়। পরিবারটিকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, বিষয়টি জানার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয়েছে। শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুলবশত দেওয়া এই টিকায় দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা কম। তবে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।