দেশে শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ থেকে নিজের চার বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার জন্য বৈধভাবে একটি শটগানের আবেদন করেছেন বরগুনার এক ব্যক্তি। তার আবেদনের ভাষা ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম গত ২১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে আবেদনটি […]
ছবি: এআই
দেশে শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ থেকে নিজের চার বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার জন্য বৈধভাবে একটি শটগানের আবেদন করেছেন বরগুনার এক ব্যক্তি। তার আবেদনের ভাষা ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম গত ২১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে আবেদনটি পাঠান। সেখানে তিনি লিখেছেন, “সন্তান আমার, রাষ্ট্রের নয়”—এই অনুভূতি থেকেই তিনি নিজের সন্তানের নিরাপত্তার দায়িত্ব নিজেই নিতে চান।
আবেদনপত্রে মাসুদুল ইসলাম উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে শিশুদের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন ও নৃশংস ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এসব ঘটনা দেখে তিনি স্বাভাবিক জীবনযাপনেও মানসিক চাপ অনুভব করছেন বলে জানান।
চিঠিতে তিনি লেখেন, বিভিন্ন ঘটনার বিশ্লেষণ করে তার মনে হয়েছে সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভর করা যাচ্ছে না। তাই তিনি বৈধ উপায়ে একটি শটগান সংগ্রহ করতে চান, যাতে প্রয়োজনে নিজের সন্তানের সুরক্ষা নিজেই নিশ্চিত করতে পারেন।
আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করেছেন বলে উল্লেখ রয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে একজন অসহায় বাবার ভয় ও হতাশার প্রতিফলন হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, এটি দেশের নিরাপত্তা ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার একটি প্রতীকী প্রকাশ।
মানবাধিকারকর্মী আরিফুর রহমানের মতে, এ ধরনের আবেদন সমাজের ভেতরের গভীর উদ্বেগকে সামনে নিয়ে আসে। তার ভাষায়, মানুষ যখন নিজেদের নিরাপত্তা নিয়ে এমনভাবে চিন্তিত হয়ে পড়ে, তখন সেটি রাষ্ট্রের জন্যও সতর্ক সংকেত হয়ে দাঁড়ায়।