রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশল নিয়েছে শাহবাগ থানা পুলিশ। সাধারণ যুবকের ছদ্মবেশে গান গাইতে গাইতে অভিযান চালিয়ে মাদকসহ ৭ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মামুনুর রহমান, রানা, সজীব অধিকারী, শহীদুল ইসলাম, রাকিব হোসেন, আল আমিন ও মাছুম ভূঁইয়া। […]
ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশল নিয়েছে শাহবাগ থানা পুলিশ। সাধারণ যুবকের ছদ্মবেশে গান গাইতে গাইতে অভিযান চালিয়ে মাদকসহ ৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মামুনুর রহমান, রানা, সজীব অধিকারী, শহীদুল ইসলাম, রাকিব হোসেন, আল আমিন ও মাছুম ভূঁইয়া।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পুলিশের উপস্থিতি টের পেলেই সাধারণত মাদক কারবারিরা পালিয়ে যায়। তাই এবার সাদাপোশাকে ‘মিউজিক্যাল টিম’ সেজে অভিযানের পরিকল্পনা করা হয়।
পরিদর্শক খোকন মিয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান গাইতে গাইতে উদ্যানের ভেতরে হাঁটছেন। একজনের হাতে ছিল গিটার, অন্যরা তালি দিয়ে তাল মিলাচ্ছিলেন।
গানের পরিবেশ তৈরি করে তারা মাদকসেবীদের কাছে পৌঁছে যান। পরে সুযোগ বুঝে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ভিডিওতে একটি ব্যাগ থেকে গাঁজা উদ্ধারের দৃশ্যও দেখা যায়।
ওসি মনিরুজ্জামান বলেন, অভিযানে অংশ নেওয়া সদস্যদের কেউই পেশাদার সংগীতশিল্পী নন। এমনকি ভিডিওতে গিটার হাতে থাকা কনস্টেবলও শুধু অভিযানের প্রয়োজনে গিটার নিয়েছিলেন।
তিনি বলেন, “বেসুরো গান আর বেতালে গিটার বাজিয়েই তারা সফল হয়েছে।”
শাহবাগ থানা জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চালানো হবে।