যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় নতুন করে কঠোরতা আরোপ করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। নতুন নীতিমালার আওতায় এখন থেকে গ্রিন কার্ডের জন্য ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ (এওএস) আবেদনকারীদের সম্পূর্ণ অভিবাসন ইতিহাস বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। গত ২২ মে প্রকাশিত নতুন নির্দেশনায় ইউএসসিআইএস জানিয়েছে, অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস কোনো স্বয়ংক্রিয় সুবিধা নয়। এটি প্রশাসনিক বিবেচনার […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় নতুন করে কঠোরতা আরোপ করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। নতুন নীতিমালার আওতায় এখন থেকে গ্রিন কার্ডের জন্য ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ (এওএস) আবেদনকারীদের সম্পূর্ণ অভিবাসন ইতিহাস বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।
গত ২২ মে প্রকাশিত নতুন নির্দেশনায় ইউএসসিআইএস জানিয়েছে, অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস কোনো স্বয়ংক্রিয় সুবিধা নয়। এটি প্রশাসনিক বিবেচনার ভিত্তিতে প্রদান করা একটি বিশেষ সুযোগ। ফলে শুধু আইনি যোগ্যতা পূরণ করলেই গ্রিন কার্ড অনুমোদনের নিশ্চয়তা থাকবে না।
অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানরত যোগ্য ব্যক্তিরা দেশ ত্যাগ না করেই স্থায়ী বাসিন্দার মর্যাদা বা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে নতুন নীতির ফলে এই প্রক্রিয়া এখন আরও কঠোর যাচাই-বাছাইয়ের আওতায় এসেছে।
অভিবাসন আইনজীবীরা বলছেন, নতুন নির্দেশনার প্রভাব ইতোমধ্যে মাঠপর্যায়ে দেখা যাচ্ছে। ড্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা দিমিত্রি লিটভিনভ জানান, ইউএসসিআইএস কর্মকর্তারা এখন আবেদনকারীদের কাছে জানতে চাইছেন কেন তারা নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন না করে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই স্ট্যাটাস পরিবর্তনের পথ বেছে নিয়েছেন।
এছাড়া আবেদনকারীদের অতীতের সব ধরনের ভিসা ব্যবহার, অভিবাসন রেকর্ড এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের সময়কার উদ্দেশ্যও খতিয়ে দেখা হচ্ছে।
লিটভিনভ বলেন, আগে অনেক ক্ষেত্রে শুধু যোগ্যতা পূরণ করাই যথেষ্ট ছিল। এখন আবেদনকারীকে আলাদাভাবে দেখাতে হচ্ছে কেন তার আবেদন অনুমোদন করা উচিত।
বিশেষজ্ঞদের মতে, নতুন নীতির সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে নন-ডুয়াল ইনটেন্ট ভিসাধারীদের ওপর। এর মধ্যে রয়েছে বি-১/বি-২ পর্যটক ভিসা, এফ-১ শিক্ষার্থী ভিসা, জে-১ এক্সচেঞ্জ ভিজিটর ভিসা এবং টিএন ভিসা।
অন্যদিকে এইচ-১বি ও এল-১ ভিসাধারীরা আপাতত তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছেন। একইভাবে ইবি-৫ বিনিয়োগকারী এবং কিছু কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের ক্ষেত্রেও নতুন নীতির প্রভাব সীমিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এলসিআর ক্যাপিটাল পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক শিলপা মেনন বলেন, অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস এখনো বাতিল করা হয়নি এবং নতুন নির্দেশনার কারণে কোনো চলমান আবেদন ব্যাপক হারে প্রত্যাখ্যাত হওয়ার তথ্যও পাওয়া যায়নি। তবে এর প্রকৃত প্রভাব বুঝতে আরও কিছু সময় লাগবে।
ইউএসসিআইএসের নতুন অবস্থান অনুযায়ী, স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার ক্ষেত্রে বিদেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে অভিবাসী ভিসা প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ভেতরে স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে ৬ লাখ ৮ হাজারের বেশি ব্যক্তি গ্রিন কার্ড পেয়েছিলেন। একই সময়ে বিদেশ থেকে অভিবাসী ভিসার মাধ্যমে স্থায়ী বাসিন্দা হয়েছেন প্রায় ৫ লাখ ৬৫ হাজার মানুষ।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এখন থেকে কোনো আবেদনকারীকে ধরে নেওয়া উচিত নয় যে অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস তার জন্য স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত থাকবে। আবেদনকারীর ভিসার ধরন, অভিবাসন ইতিহাস, যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্য, বর্তমান অবস্থান এবং ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করেই প্রতিটি আবেদন মূল্যায়ন করা হবে।
তাদের মতে, নতুন নীতির ফলে ভবিষ্যতে গ্রিন কার্ড আবেদনকারীদের অতীত রেকর্ড আরও গভীরভাবে পরীক্ষা করা হবে এবং প্রতিটি আবেদন পৃথকভাবে বিচার করা হবে।