চলমান আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের ঘটনায় কোনো ধরনের শাস্তি না পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইসিসির সিদ্ধান্তের পর বোর্ডের শীর্ষ কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। ভারতে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর বিসিবি মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন, বাংলাদেশের অনুপস্থিতির কারণে আইসিসির আর্থিক ক্ষতি হওয়ায় সংস্থাটি […]
ছবি: সংগৃহীত
চলমান আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের ঘটনায় কোনো ধরনের শাস্তি না পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইসিসির সিদ্ধান্তের পর বোর্ডের শীর্ষ কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।
ভারতে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর বিসিবি মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন, বাংলাদেশের অনুপস্থিতির কারণে আইসিসির আর্থিক ক্ষতি হওয়ায় সংস্থাটি বাংলাদেশকে আর্থিক, ক্রীড়াগত কিংবা প্রশাসনিক শাস্তির মুখে ফেলতে পারে।
তবে সোমবার (৯ ফেব্রুয়ারি) আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, বিশ্বকাপ বর্জনের কারণে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছুক থাকায় বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ না নিলেও, আইসিসি এ বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছে।
আইসিসি ও বিসিবির মধ্যে হওয়া সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে, ২০৩১ সালে অনুষ্ঠিত আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে। তবে সেটি আইসিসির নির্ধারিত নিয়ম, সময়সূচি ও পরিচালনাগত শর্ত মেনে আয়োজন করতে হবে। উল্লেখ্য, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘ভারতে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পর নানা ধরনের গুঞ্জন ও আশঙ্কা তৈরি হয়েছিল। কোনো আর্থিক বা প্রশাসনিক শাস্তি না হওয়ায় আমরা স্বস্তি অনুভব করছি। আমাদের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসতে পারত, কিন্তু সেগুলো আরোপ হয়নি।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে যে আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে অনেকাংশে পুষিয়ে নেওয়া যেতে পারে। যেমন নারী বিশ্বকাপ আয়োজনের সুযোগ এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।’
ফারুক আহমেদ জানান, আগামী বছর বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে। পাশাপাশি ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সময় আরও বেশি ম্যাচ বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা চলছে।
বিসিবির আরেক সহ-সভাপতি শাখাওয়াত হোসেনও একই ধরনের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘শুধু শাস্তিই নয়, এ ঘটনায় আরও অনেক জটিলতা তৈরি হতে পারত। তবে লাহোরে অনুষ্ঠিত বৈঠকের পর যে সিদ্ধান্ত এসেছে, তাতে বোঝা যাচ্ছে আইসিসির সঙ্গে বিসিবির সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।’
সূত্র: ক্রিকবাজ