যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনসংক্রান্ত একাধিক নীতিকে বেআইনি ঘোষণা করেছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। আদালত বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন দেশের অভিবাসন আবেদন স্থগিত রেখে প্রশাসন আইন লঙ্ঘন করেছে। শুক্রবার (৫ জুন) রোড আইল্যান্ডের প্রভিডেন্সে দেওয়া এক রায়ে চিফ ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল বলেন, ট্রাম্প প্রশাসন ৩৯টি দেশের আবেদনকারীদের রাজনৈতিক আশ্রয়, কাজের অনুমতি, […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনসংক্রান্ত একাধিক নীতিকে বেআইনি ঘোষণা করেছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। আদালত বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন দেশের অভিবাসন আবেদন স্থগিত রেখে প্রশাসন আইন লঙ্ঘন করেছে।
শুক্রবার (৫ জুন) রোড আইল্যান্ডের প্রভিডেন্সে দেওয়া এক রায়ে চিফ ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল বলেন, ট্রাম্প প্রশাসন ৩৯টি দেশের আবেদনকারীদের রাজনৈতিক আশ্রয়, কাজের অনুমতি, গ্রিন কার্ড এবং নাগরিকত্বসংক্রান্ত আবেদন নিষ্পত্তি থেকে বেআইনিভাবে বঞ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আবেদনকারীদের লক্ষ্য করে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) একাধিক নীতি কার্যকর করেছিল, যা আদালতের মতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও প্রশাসনিক বিধিমালার পরিপন্থি।
অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন ও শ্রমিক ইউনিয়নের একটি জোট গত মার্চ মাসে এই নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, ট্রাম্প প্রশাসন নিরাপত্তা ও অতিরিক্ত যাচাই-বাছাইয়ের অজুহাতে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশগুলোর মানুষের অভিবাসন আবেদন দীর্ঘ সময় ঝুলিয়ে রাখে।
রায়ে বিচারক ম্যাককনেল বলেন, “এই আবেদনকারীরা আইন অনুযায়ী নির্ধারিত সব প্রক্রিয়া অনুসরণ করেছেন। তারপরও তাদের মাসের পর মাস এমন সব সুবিধার জন্য অপেক্ষা করতে বাধ্য করা হয়েছে, যেগুলোর বিষয়ে ইউএসসিআইএস সিদ্ধান্ত দিতে অস্বীকৃতি জানিয়েছে।”
তিনি আরও বলেন, আবেদনকারীদের কোনো ব্যক্তিগত দোষ বা ভুলের কারণে নয়, বরং কেবল তাদের জন্মগত পরিচয় ও জাতীয়তার কারণেই এই বৈষম্যের শিকার হতে হয়েছে।
বিচারক ম্যাককনেল উল্লেখ করেন, আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু ইউএসসিআইএস সেই নীতি অনুসরণ করেনি এবং কংগ্রেস প্রদত্ত দায়িত্ব পালনের ক্ষেত্রেও সংস্থাটি ব্যর্থ হয়েছে।
তবে এ বিষয়ে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, আদালতের এই রায় ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মুসলিম ও উন্নয়নশীল দেশের অভিবাসীদের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল।
সূত্র: রয়টার্স