সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১২:২১ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬

ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা পুলিশের

ডিসেম্বর মাসে সম্ভাব্য নাশকতা, রাজনৈতিক অস্থিতিশীলতা ও রাষ্ট্রবিরোধী তৎপরতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে পুলিশ। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলা, আটটি মহানগর পুলিশ ইউনিট এবং আটটি রেঞ্জে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। সীমান্ত এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের […]

ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা পুলিশের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ডিসেম্বর মাসে সম্ভাব্য নাশকতা, রাজনৈতিক অস্থিতিশীলতা ও রাষ্ট্রবিরোধী তৎপরতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে পুলিশ। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলা, আটটি মহানগর পুলিশ ইউনিট এবং আটটি রেঞ্জে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। সীমান্ত এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বরকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। ডিসেম্বর মাসে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি প্রচার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পুলিশের দাবি, এসব কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধ এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশজুড়ে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বাংলা ট্রিবিউনকে বলেন, ডিসেম্বরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বিশেষ নজরদারি করা হচ্ছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন কিংবা কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

কামারুম মুনিরা আরও বলেন, অগ্নিসংযোগ, ভাঙচুর, জানমালের ক্ষয়ক্ষতি কিংবা জনমনে আতঙ্ক ছড়ানোর যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময়, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হবে।

ডিসেম্বর মাসে উৎসবকেন্দ্রিক জনসমাগম ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি, জাতীয় দিবস ও উৎসব সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের সুরক্ষাই এ পরিকল্পনার মূল লক্ষ্য।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ