সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:০৫ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ উদ্‌ঘাটন হয়নি, তদন্তে ৪-৫টি সম্ভাবনা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। আগুনের সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ চিহ্নিত করে সেগুলো নিয়ে অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি। এক দফা সময় বাড়ানোর পর বুধবার (২৫ নভেম্বর) সকালে ১৫ […]

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ উদ্‌ঘাটন হয়নি, তদন্তে ৪-৫টি সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। আগুনের সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ চিহ্নিত করে সেগুলো নিয়ে অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি।

এক দফা সময় বাড়ানোর পর বুধবার (২৫ নভেম্বর) সকালে ১৫ থেকে ২০ পৃষ্ঠার একটি সিলগালা তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেলা ১১টার দিকে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছায় বলে জানা গেছে।

তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটির সদস্যরা বৈঠকের মাধ্যমে প্রতিবেদন চূড়ান্ত করে সিলগালা অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন। তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

আগুনের সম্ভাব্য কারণ হিসেবে যা উঠে এসেছে

তদন্তসংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ বা সূত্রপাত সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি।

তদন্তসংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘরের ভেতরে সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঘরের পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগার আশঙ্কা রয়েছে। এভাবে সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো নিয়ে আরও তদন্তের সুপারিশ করা হয়েছে।

পেট্রলবোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য। তাঁর ভাষ্য, দুই দফা তদন্ত করেও পেট্রলবোমা থেকে আগুন লাগার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে কমিটির সদস্যরা ওই বাড়ির বাসিন্দা এবং আশপাশের এলাকার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করেই আগুনের সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা হয়েছে।

যেভাবে ঘটেছিল অগ্নিকাণ্ড

গত ১১ নভেম্বর বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে।

এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত তাবাসসুম।

এরপর ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। শুরুতে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। পরে ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। বর্ধিত সময়সীমার শেষ দিন ছিল মঙ্গলবার (২৪ নভেম্বর)।

তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সম্ভাব্য কারণগুলো নিয়ে অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ