সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৪৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

তীব্র তুষারঝড়ে অচল যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চল: বিদ্যুৎহীন আড়াই লাখের বেশি মানুষ, বাতিল ১৪ হাজার ছাড়াল ফ্লাইট

শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চল। ঝড়ের তীব্রতায় জনজীবন কার্যত স্থবির হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব উপকূলজুড়ে কোথাও কোথাও ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। নিউইয়র্ক সিটিতে ২০ ইঞ্চি পর্যন্ত তুষার জমার পাশাপাশি ঘণ্টায় ৬০ মাইল বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেস্টার […]

তীব্র তুষারঝড়ে অচল যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চল: বিদ্যুৎহীন আড়াই লাখের বেশি মানুষ, বাতিল ১৪ হাজার ছাড়াল ফ্লাইট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চল। ঝড়ের তীব্রতায় জনজীবন কার্যত স্থবির হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব উপকূলজুড়ে কোথাও কোথাও ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।

নিউইয়র্ক সিটিতে ২০ ইঞ্চি পর্যন্ত তুষার জমার পাশাপাশি ঘণ্টায় ৬০ মাইল বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেস্টার কাউন্টি ও অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

নগরবাসীর উদ্দেশে মেয়র জোহরান মামদানি ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তবে গৃহহীনদের জোরপূর্বক আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে কি না—সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি। কয়েক সপ্তাহ আগে তীব্র শীতে এক ডজনের বেশি গৃহহীন মানুষের মৃত্যু হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

রবিবার রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত নিউইয়র্কের পাঁচ বরো এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। জরুরি সতর্কবার্তায় নাগরিকদের বিপজ্জনক তুষারাচ্ছন্ন সড়কে গাড়ি না চালানোর অনুরোধ জানানো হয়েছে।

ফ্লাইট বাতিলের ঢল

তীব্র তুষারঝড়ের কারণে রবিবার বিকেল নাগাদ নিউইয়র্ক সিটিতে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। দেশজুড়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে। ঝড়ের তীব্রতা বাড়তে থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, লাগার্ডিয়া বিমানবন্দর ও নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে

নিউইয়র্ক সিটির পাতালরেল সীমিত আকারে চললেও লং আইল্যান্ড রেল রোড পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। মেট্রো-নর্থ রেলরোড সোমবার ছুটির দিনের সময়সূচিতে চলবে এবং শাখা লাইনে সপ্তাহান্তের সূচি কার্যকর থাকবে।

অন্যদিকে নিউ জার্সির ট্রানজিট বাস, বিশেষ পরিবহন ও রেলসেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডোরড্যাশ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই তাদের সেবা স্থগিত করেছে।

নিউ জার্সিতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

নিউ জার্সিতে রবিবার সন্ধ্যা থেকেই হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। গভর্নর মিকি শেরিল রবিবার বিকেল থেকে জরুরি অবস্থা জারি করেন এবং সোমবার সকাল ৭টা পর্যন্ত বাধ্যতামূলক ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেন।

ওশান কাউন্টিতে ৩৪ হাজার, মনমাউথ কাউন্টিতে ২১ হাজারের বেশি, কেপ মে কাউন্টিতে ১২ হাজার এবং আটলান্টিক কাউন্টিতে ১০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।

উত্তর–পূর্বজুড়ে অন্ধকারে আড়াই লাখের বেশি মানুষ

তুষারঝড়ের প্রভাবে পুরো উত্তর–পূর্বাঞ্চলে ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ সংযোগহীন অবস্থায় আছেন। এর মধ্যে নিউ জার্সিতে ১ লাখ ১ হাজার, ডেলাওয়্যারে ৬৮ হাজার, মেরিল্যান্ডে ৩২ হাজার এবং ভার্জিনিয়ায় ২১ হাজার মানুষ বিদ্যুৎহীন। নিউইয়র্কেও প্রায় ৮ হাজার গ্রাহক অন্ধকারে দিন কাটাচ্ছেন।

ভারী তুষার সরাতে স্বাস্থ্যঝুঁকির সতর্কতা

আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদার জানিয়েছে, এবারের তুষার আগের তুলনায় অনেক বেশি ভেজা ও ভারী। ফলে তুষার পরিষ্কার করতে গিয়ে শারীরিক ঝুঁকি বাড়তে পারে। ভারী তুষার সরানোর সময় হৃদরোগে আক্রান্ত হওয়া বা পিঠে আঘাত পাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বলে সতর্ক করা হয়েছে। যাদের পক্ষে একা তুষার সরানো কষ্টকর, তাদের অন্যের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপকূলে সর্বোচ্চ তুষারপাতের আশঙ্কা

নিউইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ জার্সির উপকূলীয় অঞ্চলের কিছু এলাকায় ১৮ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এছাড়া নিউইয়র্ক সিটি ও বৃহত্তর ট্রাই-স্টেট এলাকায় ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষার জমার পূর্বাভাস রয়েছে।

এই ভয়াবহ তুষারঝড়ে লাখো মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হচ্ছে—প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে এবং সব ধরনের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ