সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ফিচার
৩:১৭ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬

দিল্লির ‘আতিথেয়তায়’ দিল মজেছে হাসিনার, ছাড়তে নারাজ ভারত

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর থেকে ভারতের রাজধানী দিল্লিতেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের সেই রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি কার্যত ভারতের নিরাপত্তা বলয়ের মধ্যেই রয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও নয়াদিল্লি এখন পর্যন্ত সে দাবিতে সাড়া দেয়নি। তবে দীর্ঘ সময় […]

দিল্লির ‘আতিথেয়তায়’ দিল মজেছে হাসিনার, ছাড়তে নারাজ ভারত

ছবি: আমার দেশ অনলাইন

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর থেকে ভারতের রাজধানী দিল্লিতেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের সেই রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি কার্যত ভারতের নিরাপত্তা বলয়ের মধ্যেই রয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও নয়াদিল্লি এখন পর্যন্ত সে দাবিতে সাড়া দেয়নি। তবে দীর্ঘ সময় ধরে এই আশ্রয় ভারত সরকারের জন্যও এখন একটি জটিল কূটনৈতিক বাস্তবতায় পরিণত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি দিল্লির কূটনৈতিক অঙ্গনের একাধিক সূত্রে জানা গেছে, ভারত সরকার অনানুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে কাতারসহ অন্য কোনো তৃতীয় দেশে যাওয়ার একটি প্রস্তাব দিয়েছিল। উদ্দেশ্য ছিল বিষয়টিকে সরাসরি ভারত-বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রবিন্দু থেকে কিছুটা সরিয়ে নেওয়া। কিন্তু শেখ হাসিনা সে প্রস্তাবে রাজি হননি। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, তিনি ভারত ছেড়ে অন্য কোথাও যেতে আগ্রহী নন; বরং প্রয়োজনে জীবনের শেষ সময়টুকুও ভারতেই কাটাতে চান।

এ পরিস্থিতি ভারতের জন্য দ্বিমুখী চাপ তৈরি করেছে। একদিকে দিল্লি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর রাখতে চায়, অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক শাসককে আশ্রয় দিয়ে রাখার কারণে সেই সম্পর্কের ওপর একটি অস্বস্তিকর ছায়া থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই অবস্থান ভারতের পররাষ্ট্রনীতিকে একটি অদ্ভুত ভারসাম্যহীনতায় ফেলেছে, যেখানে ঢাকা ও দিল্লির মধ্যে আস্থার ঘাটতি আরও বাড়তে পারে।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয়টি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ‘অবৈধ অনুপ্রবেশ’ ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আসছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সময় কড়া ভাষায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তাদের খুঁজে বের করে দেশ ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু একই সময়ে বাংলাদেশের সাবেক শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বরা দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান করছেন—এ বাস্তবতা বিজেপির সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

বিশ্লেষকদের ভাষায়, সাধারণ সীমান্তবাসী বা বাংলাভাষী মুসলমানদের ক্ষেত্রে যেখানে কঠোর অবস্থান, সেখানে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যতিক্রম তৈরি হওয়ায় দিল্লির অবস্থান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এতে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্য এবং বাস্তব নীতির মধ্যে স্পষ্ট বৈপরীত্য ফুটে উঠছে।

কূটনৈতিক সূত্র আরও ইঙ্গিত দিয়েছে, মাঝখানে আওয়ামী লীগের নেতৃত্বে বিকল্প সমীকরণ তৈরির কিছু নীরব উদ্যোগও নেওয়া হয়েছিল। সেখানে দলের ভেতরে নেতৃত্বে রদবদলের সম্ভাবনা যাচাই করা হয় এবং কয়েকজন পরিচিত মুখকে সামনে আনার চিন্তাও ছিল। তবে শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণে সেই উদ্যোগ আর এগোয়নি। তিনি নিজেই নেতৃত্বের নিয়ন্ত্রণ ছাড়তে অনাগ্রহী থাকায় সম্ভাব্য সমঝোতার পথ বন্ধ হয়ে যায়।

পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা সম্ভবত বুঝে গেছেন যে দিল্লির নিরাপত্তা ও রাজনৈতিক ছায়াতলে থাকা তার জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প। সেখানে তিনি বিচারিক চাপ, রাজনৈতিক প্রতিপক্ষের তৎপরতা কিংবা জনরোষ—সবকিছু থেকেই তুলনামূলকভাবে সুরক্ষিত থাকছেন। ফলে ভারত ছাড়ার প্রশ্নে তার অনীহা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

কিন্তু ভারতের জন্য এই পরিস্থিতি এখন অনেকটা ‘শাঁখের করাত’-এর মতো। তাকে আশ্রয় দিয়ে রাখলে বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন হচ্ছে, আবার জোর করে তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্ত নিলে সেটি ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক আতিথেয়তা ও আশ্রয় নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

বিশ্লেষকদের ধারণা, শুরুতে দিল্লি শেখ হাসিনাকে আঞ্চলিক রাজনীতিতে একটি কৌশলগত ‘কার্ড’ হিসেবে ধরে রাখতে চেয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই কৌশল এখন উল্টো ভারতের ওপরই চাপ তৈরি করছে। তাকে ফেরত না দিলে ঢাকার সঙ্গে সম্পর্কের একটি বড় অমীমাংসিত ইস্যু থেকে যাবে, আর দীর্ঘদিন আশ্রয় দিয়ে রাখলে ভারতের নিরপেক্ষ অবস্থান নিয়েও প্রশ্ন বাড়বে।

সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে দিল্লি এখন এমন এক জটিল কূটনৈতিক ও রাজনৈতিক সমীকরণে আটকে গেছে, যেখানে যেকোনো সিদ্ধান্তই বাংলাদেশ-ভারত সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি এবং ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বার্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সুত্রঃ আমার দেশ অনলাইন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ