ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ এবার আনুষ্ঠানিকভাবে আদালতের বিচারে গড়িয়েছে। ফ্রান্সের নানতেরে প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে, ২০২৩ সালে এক তরুণীর দায়ের করা মামলাটি বিচারিক প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে হাকিমি অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার […]
ছবি: সংগৃহীত
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ এবার আনুষ্ঠানিকভাবে আদালতের বিচারে গড়িয়েছে। ফ্রান্সের নানতেরে প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে, ২০২৩ সালে এক তরুণীর দায়ের করা মামলাটি বিচারিক প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে হাকিমি অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি লেখেন, বর্তমান সময়ে শুধুমাত্র একটি অভিযোগই কাউকে বিচারের মুখে দাঁড় করানোর জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। অথচ আমি পরিষ্কারভাবে জানাচ্ছি—এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সত্য প্রমাণে আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি যেমন নির্দোষদের জন্য অন্যায়, তেমনি প্রকৃত ভুক্তভোগীদের জন্যও ক্ষতিকর। আমি শান্তভাবে বিচারিক প্রক্রিয়ার অপেক্ষায় আছি এবং বিশ্বাস করি, সত্যই শেষ পর্যন্ত প্রকাশ পাবে।
হাকিমির আইনজীবী ফ্যানি কলিন অভিযোগকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দাবি, যিনি অভিযোগ করেছেন তিনি তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করেননি। কলিন জানান, ওই তরুণী কোনো ধরনের মেডিকেল পরীক্ষা বা ডিএনএ টেস্টে রাজি হননি। এমনকি নিজের মোবাইল ফোন জমা দেওয়া এবং মূল সাক্ষীর পরিচয় প্রকাশ করতেও অস্বীকৃতি জানান।
অন্যদিকে, অভিযোগকারীর আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তাঁর মক্কেল বিচার শুরুর খবরে স্বস্তি পেয়েছেন এবং ন্যায়বিচারের ব্যাপারে আশাবাদী। পাশাপাশি তিনি মন্তব্য করেন, পুরুষ ফুটবলেও #MeToo আন্দোলনের প্রভাব পড়া জরুরি।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফে মোনাকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে পিএসজি। প্রাথমিক স্কোয়াডে হাকিমির নাম থাকলেও বর্তমান পরিস্থিতিতে তিনি মাঠে নামবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, বিষয়টি এখন পুরোপুরি আইনগত কর্তৃপক্ষের হাতে রয়েছে। মাঠের বাইরে চলমান এই আইনি লড়াইয়ের ফলাফলের ওপরই নির্ভর করছে ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই ডিফেন্ডারের ভবিষ্যৎ।