বাংলাদেশে শিশু ও নারীদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলেছে, যেসব জায়গায় শিশুদের নিরাপদ থাকার কথা, সেখানেই তারা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে। গতকাল দেওয়া এক বিবৃতিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, শিশুদের ওপর এই বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে। বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশে শিশু ও নারীদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলেছে, যেসব জায়গায় শিশুদের নিরাপদ থাকার কথা, সেখানেই তারা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে।
গতকাল দেওয়া এক বিবৃতিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, শিশুদের ওপর এই বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে।
বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের শুরু থেকে দেশে নারী ও শিশুদের ওপর যৌন ও পাশবিক সহিংসতার ঘটনা বেড়েছে। এতে শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।
রানা ফ্লাওয়ার্স অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, প্রতিরোধ ব্যবস্থা, সহিংসতা রিপোর্টিং, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশু-বান্ধব পুলিশ ও বিচার ব্যবস্থা এবং সামাজিক সেবার ঘাটতি দ্রুত সমাধান করতে হবে।
তিনি বলেন, “সহিংসতা তখনই ছড়ায় যখন সমাজ নীরব থাকে।” এ কারণে নির্যাতন বা শোষণের ঘটনা গোপন না রেখে দ্রুত শিশু হেল্পলাইন ১০৯৮-সহ সংশ্লিষ্ট সুরক্ষা সেবার মাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
সংস্থাটি নারী ও শিশুদের জন্য মানসিক ও সামাজিক সহায়তা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে। পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, পাড়া-মহল্লা ও কেয়ার সেন্টারগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে ভুক্তভোগী ও তাদের পরিবারের গোপনীয়তা রক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইউনিসেফ বলেছে, নির্যাতনের শিকার ব্যক্তিদের ছবি, ভিডিও বা পরিচয় প্রকাশ এক ধরনের পুনর্নির্যাতনের শামিল।
সংস্থাটি সাধারণ মানুষ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের এ ধরনের ছবি বা ভিডিও শেয়ার না করার অনুরোধ জানিয়েছে।
রানা ফ্লাওয়ার্স বলেন, “প্রতিটি শিশুর সমাজ, বিদ্যালয়, ঘর—এমনকি পাবলিক স্পেসে তাদের গল্প বা ছবি উপস্থাপনের ক্ষেত্রেও সুরক্ষিত থাকার অধিকার রয়েছে।”
তিনি অপরাধীদের শাস্তি নিশ্চিত ও শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে আওয়াজ তোলার আহ্বান জানান।