নিউইয়র্কের ম্যানহাটনের রিভারসাইড পার্কে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনাটি সাজানো নাটক ছিল বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পুলিশের দাবি, ২৬ বছর বয়সী ওই নারী নিজেই নিজের শরীরে ছুরি চালিয়ে অজ্ঞাত এক ব্যক্তির হামলার গল্প তৈরি করেছিলেন। ঘটনার আগে তাঁকে ছুরি কিনতেও দেখা গেছে নজরদারি ক্যামেরার ফুটেজে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিভারসাইড পার্কের […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ম্যানহাটনের রিভারসাইড পার্কে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনাটি সাজানো নাটক ছিল বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পুলিশের দাবি, ২৬ বছর বয়সী ওই নারী নিজেই নিজের শরীরে ছুরি চালিয়ে অজ্ঞাত এক ব্যক্তির হামলার গল্প তৈরি করেছিলেন। ঘটনার আগে তাঁকে ছুরি কিনতেও দেখা গেছে নজরদারি ক্যামেরার ফুটেজে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিভারসাইড পার্কের ওয়েস্ট ৯৬তম স্ট্রিটের কাছে ডাইনোসর প্লেগ্রাউন্ড এলাকায় ছুরিকাঘাতের শিকার হওয়ার কথা পুলিশকে জানান ওই নারী। তাঁর দাবি ছিল, কালো পোশাক ও মুখোশ পরা এক ব্যক্তি কোনো কথা না বলেই তাঁর শরীরে ছুরি চালিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে নেওয়া হয়। তখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে জানানো হয়েছিল।
তবে বুধবার তদন্তের নতুন তথ্য জানিয়ে পুলিশ জানায়, ওই নারীর দেওয়া হামলার বিবরণ সত্য নয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেই নিজের শরীরে ছুরি চালানোর কথা স্বীকার করেন। তদন্তকারীরা ঘটনার আগে তাঁর ছুরি কেনার নজরদারি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছেন।
পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ হয়ে উঠছেন। কেন তিনি এ ঘটনা সাজিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। মিথ্যা অভিযোগ করার ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়েও পুলিশ কিছু জানায়নি।
তদন্তকারীরা আপাতত এ ঘটনায় অন্য কোনো হামলাকারীকে খুঁজছেন না।
তথ্যসূত্র: গোথামিস্ট, এএমনিউইয়র্ক