নিউইয়র্কের ব্রুকলিনে একাধিক গাড়ির সংঘর্ষে ৬২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৯ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত ১২টা ১০ মিনিটের দিকে ওশান পার্কওয়েতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দক্ষিণমুখী ওশান পার্কওয়ে দিয়ে চলাচলকারী ২০২৬ সালের একটি অডি সেডান […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ব্রুকলিনে একাধিক গাড়ির সংঘর্ষে ৬২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৯ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত ১২টা ১০ মিনিটের দিকে ওশান পার্কওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দক্ষিণমুখী ওশান পার্কওয়ে দিয়ে চলাচলকারী ২০২৬ সালের একটি অডি সেডান সামনে থাকা ২০২৩ সালের টয়োটা ক্যামরিতে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার পর ক্যামরিটি সামনে থাকা ২০২১ সালের টয়োটা আরএভি-৪-এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর টয়োটা ক্যামরি ও আরএভি-৪-এর চালকরা গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়ি দুটি রাস্তার পাশের গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর অডি গাড়িটির চালক নিজের গাড়ি থেকে নম্বরপ্লেট খুলে ফেলেন। এরপর গাড়িটি ঘটনাস্থলে রেখে পায়ে হেঁটে পালিয়ে যান।
টয়োটা ক্যামরির ৬২ বছর বয়সী চালককে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ক্যামরিতে থাকা ৩৯ বছর বয়সী এক নারী ঘাড় ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, টয়োটা আরএভি-৪-এর ২৫ বছর বয়সী চালক সামান্য আহত হন। ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অডি গাড়িটির চালককে শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।