নিউইয়র্ক সিটির একটি বহুতল ভবনে সাম্প্রতিক কাঠামোগত বিপর্যয়ের ঘটনার পর পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে ১৯টি নির্মাণস্থলে বিভিন্ন ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছে সিটি কর্তৃপক্ষ। এসব অনিয়মের কারণে ১৮টি নির্মাণস্থলে আংশিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, আর একটি প্রকল্পে সব ধরনের নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB) জানিয়েছে, বিশেষ অভিযানের অংশ […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির একটি বহুতল ভবনে সাম্প্রতিক কাঠামোগত বিপর্যয়ের ঘটনার পর পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে ১৯টি নির্মাণস্থলে বিভিন্ন ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছে সিটি কর্তৃপক্ষ। এসব অনিয়মের কারণে ১৮টি নির্মাণস্থলে আংশিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, আর একটি প্রকল্পে সব ধরনের নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB) জানিয়েছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে শহরের মোট ১৮০টি নির্মাণ প্রকল্প পরিদর্শন করা হয়। এর মধ্যে পুরোনো অফিস ভবনকে আবাসিক ভবনে রূপান্তরের দুই ডজনেরও বেশি প্রকল্প অন্তর্ভুক্ত ছিল।
পরিদর্শনে মোট অন্তত ৬৫টি বিধি লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। অধিকাংশ অনিয়ম ছিল নির্মাণস্থলে নিরাপত্তা বিধি উপেক্ষা এবং অনুমোদিত প্রকৌশল নকশা অনুসরণ না করার সঙ্গে সম্পর্কিত।
গত জুলাইয়ে ম্যানহাটনের ইস্ট ৪২তম স্ট্রিটের একটি অফিস ভবনকে আবাসিক ভবনে রূপান্তরের কাজ চলাকালে ভবনের কয়েকটি স্টিলের কাঠামোগত স্তম্ভ বেঁকে যায়। ঘটনাটি শহরজুড়ে উদ্বেগ সৃষ্টি করলে সংশ্লিষ্ট প্রকল্পসহ অন্যান্য নির্মাণকাজে বিশেষ নজরদারি শুরু করে বিল্ডিংস বিভাগ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্ট ৪২তম স্ট্রিটের ওই ভবনে কাঠামোগত ত্রুটির প্রকৃত কারণ এখনও তদন্তাধীন। তবে একই ধরনের প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠান ও ঠিকাদারদের অন্যান্য প্রকল্পও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, নিউইয়র্কে আবাসন সংকট মোকাবিলায় পুরোনো অফিস ভবনকে আবাসিক ভবনে রূপান্তরের উদ্যোগ জোরদার করা হয়েছে। বর্তমানে শহরজুড়ে ৪০টিরও বেশি এমন প্রকল্প বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নাধীন রয়েছে, যেখানে ১৪ হাজারের বেশি নতুন আবাসিক ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে।