চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, নাটক আর রোমাঞ্চ। কিন্তু এবারের লড়াইয়ে গ্যালারিতে উত্তাপ থাকলেও মাঠে ছিল ভারতের একচ্ছত্র আধিপত্য। শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে ৬১ রানের বড় জয়ে টানা তৃতীয় ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধসে পড়ে […]
ছবি: সংগৃহীত
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, নাটক আর রোমাঞ্চ। কিন্তু এবারের লড়াইয়ে গ্যালারিতে উত্তাপ থাকলেও মাঠে ছিল ভারতের একচ্ছত্র আধিপত্য। শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে ৬১ রানের বড় জয়ে টানা তৃতীয় ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধসে পড়ে পাকিস্তানের ইনিংস। দ্বিতীয় ওভারেই যশপ্রীত বুমরার তোপে পড়ে দুই উইকেট হারিয়ে তারা পড়ে যায় চাপে। অল্প সময়ের মধ্যেই স্কোর দাঁড়ায় ১৩ রানে ৩ উইকেট। এরপর বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়লেও ৩৪ রান করে আউট হলে চাপ আরও বেড়ে যায়। উসমান খান ৪৪ রানের লড়াকু ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। ৭৩ রানে পঞ্চম উইকেট হারানোর পর পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১১৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
ভারতের বোলিং ছিল পরিকল্পিত ও ধারাবাহিক। সাত বোলারের মধ্যে ছয়জনই উইকেট শিকার করেন। পেস আক্রমণে বুমরা ও হার্দিক পান্ডিয়া দুটি করে উইকেট নেন। স্পিন বিভাগে সমান সফল ছিলেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই আউট হন অভিষেক শর্মা। তবে এরপর ইশান কিশান ও তিলক বর্মা দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। পাওয়ার প্লেতে ৫২ রান তুলে আক্রমণাত্মক সূচনা করে ভারত। আবরারের এক ওভারে টানা তিনটি চার হাঁকিয়ে ছন্দে ফেরেন ইশান। মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করে তিনি বড় ইনিংসের আভাস দেন। শেষ পর্যন্ত ৩ ছক্কা ও ১০ চারে ৪০ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
তিলক বর্মার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়ে ভারতকে শক্ত ভিত এনে দেন ইশান। তিলক ২৫ রানে ফিরে যান, হার্দিক পান্ডিয়া আউট হন রানের খাতা না খুলেই। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান করে ইনিংস এগিয়ে নেন। শেষ দিকে রিংকু সিং ও শিবম দুবে প্রয়োজনীয় রান যোগ করে দলকে ১৭৬ রানের লড়াকু সংগ্রহ এনে দেন।
সব মিলিয়ে প্রত্যাশিত হাইভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত একতরফাই হয়ে দাঁড়ায়। পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় আর ভারতের নিয়ন্ত্রিত বোলিং ম্যাচের উত্তেজনা কমিয়ে দিলেও ফলাফলে দারুণ স্বস্তিতে ভারত। টানা তিন জয়ে তারা শুধু সুপার এইটে উঠেইনি, বরং শিরোপার দৌড়ে নিজেদের শক্ত দাবিদার হিসেবেও প্রতিষ্ঠা করেছে।