ফরিদপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পুকুরপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার শিশুকন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার একটি মাঠে স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন জাহেনা আক্তার (৩২) ও তার তিন […]
ছবি: সংগৃহীত
ফরিদপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পুকুরপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার শিশুকন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার একটি মাঠে স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন জাহেনা আক্তার (৩২) ও তার তিন বছরের মেয়ে সামিয়া। জাহেনার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়।
স্থানীয়দের ভাষ্য, এলাকার এক নারী সেখানে কাজ করতে গিয়ে কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। কাছে গিয়ে মানুষের পা দেখতে পেয়ে তিনি অন্যদের খবর দেন। পরে পুলিশকে জানানো হয়।
পারিবারিক সূত্র জানায়, গত ৪ মে থেকে শিশুকন্যাসহ নিখোঁজ ছিলেন জাহেনা আক্তার। মরদেহ উদ্ধারের পর স্বজনরা এসে তাদের পরিচয় নিশ্চিত করেন।
চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল বলেন, ঘটনাস্থলটি ফরিদপুর ও রাজবাড়ীর সীমান্তবর্তী হওয়ায় সেখানে পুলিশি নজরদারি তুলনামূলক কম। এ কারণে এলাকায় নানা ধরনের অপরাধ ঘটে থাকে। তিনি সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।