টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট দলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই প্রেক্ষাপটে জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার—বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। তার মতে, এই তিন তারকার সময় শেষ, এখন দলের ভবিষ্যৎ গড়তে তরুণদের ওপরই ভরসা […]
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট দলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই প্রেক্ষাপটে জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার—বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। তার মতে, এই তিন তারকার সময় শেষ, এখন দলের ভবিষ্যৎ গড়তে তরুণদের ওপরই ভরসা করা উচিত।
রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল। ফলে ম্যাচটি তারা হারায় ৬১ রানে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউসুফ ক্ষোভ প্রকাশ করে লেখেন, “শাহিন, বাবর ও শাদাবের অধ্যায় শেষ হয়ে এসেছে। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে এখন নতুন পারফরমার দরকার। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে অর্থহীন জয় দিয়ে নিজেদের ধোঁকা দেওয়ার সময় শেষ।”
ভারতের বিপক্ষে ম্যাচে তিন সিনিয়রের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। চার নম্বরে ব্যাট করতে নেমে বাবর আজম ৭ বল খেলেও করতে পারেন মাত্র ৫ রান। গুরুত্বপূর্ণ সময়ে তার শট নির্বাচন নিয়েও তীব্র সমালোচনা করেন ইউসুফ।
বল হাতে নিজের সুনাম ধরে রাখতে ব্যর্থ হন শাহিন আফ্রিদি। মাত্র দুই ওভার বোলিং করে ৩১ রান দেন তিনি, উইকেট পান মাত্র একটি—তাও ইনিংসের শেষ বলে। শাদাব খানও ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। এক ওভার বল করে কোনো উইকেট না নিয়ে দেন ১৭ রান, পরে ব্যাট হাতে ১৫ বলে মাত্র ১৪ রান করে দলের চাপ আরও বাড়ান।
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অভিমত, বড় মঞ্চে অভিজ্ঞদের এমন হতাশাজনক পারফরম্যান্স জাতীয় দলের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। ফলে বাবর-শাহিনদের ওপর নির্ভরতা কমিয়ে তরুণ ক্রিকেটারদের হাতে টি-টোয়েন্টি দলের ভার তুলে দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।