চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা নারী ও শিশুসহ ২০ জনকে শেষ পর্যন্ত নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। […]
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা নারী ও শিশুসহ ২০ জনকে শেষ পর্যন্ত নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তাদের প্রবেশে বাধা দেয়।
বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান নিতে বাধ্য হন। এ সময় পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা শুরু হয়।
পরবর্তীতে কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, যথাযথ প্রক্রিয়া ছাড়া কোনো ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
আলোচনার পর বিএসএফ তাদের অবস্থান পরিবর্তন করে এবং সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত নারী, শিশু ও পুরুষসহ ২০ জনকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে ভবিষ্যতে অনুরূপ কোনো পুশইনের ঘটনা প্রতিরোধে সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।