জাতীয় পর্যায়ের সব খেলোয়াড়কে নিয়মিত বেতনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশের সব ক্রীড়া ফেডারেশন থেকে খেলোয়াড়দের তালিকা সংগ্রহ করে ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সোমবার ক্রীড়া ফেডারেশন ও বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, ফেডারেশনগুলোর কাছে গত এক বছরের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন […]
ছবি: সংগৃহীত
জাতীয় পর্যায়ের সব খেলোয়াড়কে নিয়মিত বেতনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশের সব ক্রীড়া ফেডারেশন থেকে খেলোয়াড়দের তালিকা সংগ্রহ করে ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সোমবার ক্রীড়া ফেডারেশন ও বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, ফেডারেশনগুলোর কাছে গত এক বছরের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও কাঠামোগত সংস্কারের পরিকল্পনা প্রণয়ন করা হবে।
তিনি জানান, জাতীয় দলের খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট গ্রেডভিত্তিক বেতন কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। কোন খেলোয়াড় কোন গ্রেডে থাকবেন, তা নির্ধারণ করে রমজান মাসের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ঈদের পর থেকে বেতন কার্যক্রম বাস্তবায়ন করতে চায় সরকার।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপে ধাপে নির্বাচন সম্পন্ন করে ফেডারেশন পর্যায়ে নেতৃত্ব গঠন করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ফেডারেশনগুলোর কার্যকারিতা যাচাই করা হবে এবং সমজাতীয় খেলাগুলোকে একীভূত সংস্থার আওতায় আনার বিষয়েও ভাবা হচ্ছে।
খেলাধুলার মান উন্নয়নে প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে কর ছাড় বা কর হ্রাসের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এর মাধ্যমে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। বৈঠক শেষে ফারুক আহমেদ বলেন, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতিবাচক। তিনি মাঠসংকট দূর করা, স্কুল পর্যায়ে ক্রীড়া শিক্ষা জোরদার এবং সব ফেডারেশনের সমস্যা গুরুত্বসহকারে সমাধানের আশ্বাস দিয়েছেন। এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।