ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর অনেক সময় কেটে গেলেও সেই ঘটনার রহস্য ও দায়-দায়িত্ব নিয়ে বিতর্ক থামেনি। সম্প্রতি তার কন্যা জিয়ানিন্না আদালতে দেওয়া আবেগঘন জবানবন্দিতে বাবার শেষ সময়ের ভয়াবহ চিত্র তুলে ধরে অভিযোগ করেছেন, ম্যারাডোনার মৃত্যুতে অভিযুক্ত সাতজনই কোনো না কোনোভাবে দায়ী। কারও ভূমিকা বেশি, কারও কম—তবে দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করেন […]
ছবি: সংগৃহীত
ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর অনেক সময় কেটে গেলেও সেই ঘটনার রহস্য ও দায়-দায়িত্ব নিয়ে বিতর্ক থামেনি। সম্প্রতি তার কন্যা জিয়ানিন্না আদালতে দেওয়া আবেগঘন জবানবন্দিতে বাবার শেষ সময়ের ভয়াবহ চিত্র তুলে ধরে অভিযোগ করেছেন, ম্যারাডোনার মৃত্যুতে অভিযুক্ত সাতজনই কোনো না কোনোভাবে দায়ী। কারও ভূমিকা বেশি, কারও কম—তবে দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করেন তিনি।
জিয়ানিন্নার সবচেয়ে বড় ক্ষোভ ম্যারাডোনার তৎকালীন ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুকির বিরুদ্ধে। তার দাবি, পুরো চিকিৎসা প্রক্রিয়ার মূল সিদ্ধান্ত ও দিকনির্দেশনা আসছিল লুকির কাছ থেকেই। তাই তাকেই তিনি চিকিৎসক দলের প্রধান নিয়ন্ত্রক হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না; বরং ধারাবাহিক অবহেলা ও দায়িত্বহীনতার ফলেই ম্যারাডোনা অকালে মারা যান।
নার্সদের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। জবানবন্দিতে জিয়ানিন্না বলেন, যিনি শেষবার বাবাকে দেখে যাওয়ার কথা ছিল, তিনি তা করেননি। আবার পরে দায়িত্ব পাওয়া নতুন নার্সও ম্যারাডোনার খোঁজখবর নেননি। তার ভাষায়, এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তদন্তে পাওয়া বিশেষজ্ঞ প্রতিবেদনে উঠে এসেছে এক করুণ চিত্র। সুস্থ হওয়ার আশায় ভাড়া নেওয়া বাড়ির একটি কক্ষে ম্যারাডোনাকে একা ফেলে রাখা হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণায় ছটফট করার পর সেখানেই তার জীবনাবসান ঘটে। জিয়ানিন্না মনে করেন, চিকিৎসা দলের সবাই একটি অভিন্ন পরিকল্পনার অধীনে কাজ করছিলেন।
তিনি আঙুল তুলেছেন পোমারগোর দিকেও, যাকে তিনি পর্দার আড়ালের মূল চালিকাশক্তি হিসেবে দেখছেন। এই পোমারগো ছিলেন ম্যারাডোনার আইনজীবী ও ঘনিষ্ঠ সহযোগী মোরলার ভগ্নিপতি। জিয়ানিন্নার অভিযোগ, তিনিই নেপথ্যে থেকে সব নিয়ন্ত্রণ করছিলেন এবং পরিস্থিতি নিজের মতো পরিচালনা করছিলেন।
তার আরও দাবি, ম্যারাডোনার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে চিকিৎসকেরা জীবন বাঁচানোর বদলে নিজেদের আইনি ঝুঁকি এড়ানো নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। আদালতে উপস্থাপিত কিছু অডিও বার্তায়ও সেই অমানবিক মনোভাবের ইঙ্গিত পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
জিয়ানিন্না বলেন, অভিযুক্তরা কখনো ভাবতেই পারেননি যে প্রসিকিউটররা এত দ্রুত পদক্ষেপ নেবে। ফোন জব্দ, তল্লাশি এবং তদন্ত এত দ্রুত এগোবে—এটা তারা কল্পনাও করেননি। বাবার একাকী মৃত্যুর জন্য তিনি এখন ন্যায়বিচারের অপেক্ষায়।