আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনা ঘিরে বিচার কার্যক্রম আবারও শুরু হয়েছে। মঙ্গলবার নতুন করে মামলার শুনানি শুরু হয়। এর আগে এক বিচারকের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠায় পুরো প্রক্রিয়া থেমে গিয়েছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ম্যারাডোনা। হাসপাতাল থেকে ফেরার কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। পরে চিকিৎসকদের অবহেলাকেই মৃত্যুর কারণ […]
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনা ঘিরে বিচার কার্যক্রম আবারও শুরু হয়েছে। মঙ্গলবার নতুন করে মামলার শুনানি শুরু হয়। এর আগে এক বিচারকের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠায় পুরো প্রক্রিয়া থেমে গিয়েছিল।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ম্যারাডোনা। হাসপাতাল থেকে ফেরার কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। পরে চিকিৎসকদের অবহেলাকেই মৃত্যুর কারণ হিসেবে দায়ী করে মামলা হয়।
২০২০ সালের নভেম্বরে মৃত্যুর পর সাত সদস্যের চিকিৎসা দলকে আসামি করা হয়। দীর্ঘ শুনানিতে ম্যারাডোনার সন্তানসহ একাধিক সাক্ষী জবানবন্দি দেন। তবে আড়াই মাস পর বিচার কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যায়।
পরে ২০২৫ সালের মে মাসে বিচার বাতিল ঘোষণা করা হয়। অভিযোগ ওঠে, এক বিচারক মামলাসংক্রান্ত একটি প্রামাণ্যচিত্রে যুক্ত ছিলেন, যা বিচারিক নীতির লঙ্ঘন হিসেবে ধরা হয়। পরে ওই বিচারককে অভিশংসিত করা হয়।
এবার নতুন করে শুরু হওয়া বিচারে অন্তত ১২০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। আদালত খতিয়ে দেখবে, ম্যারাডোনার চিকিৎসায় সংশ্লিষ্টদের অবহেলা ছিল কি না।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন চিকিৎসক, মনোবিদ ও নার্স। অভিযোগ প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।