সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
৭:১৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের EB-2 গ্রিন কার্ডে বাংলাদেশিদের সুযোগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড পাওয়ার অন্যতম পথ হলো Employment-Based Second Preference বা EB-2। উচ্চশিক্ষিত পেশাজীবী এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ দক্ষতা বা যোগ্যতা অর্জনকারীরা এই অভিবাসন ক্যাটাগরির আওতায় আবেদন করতে পারেন। EB-2 কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য আলাদা কোনো সুবিধা নয়। ফলে বাংলাদেশি নাগরিকরাও যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই ক্যাটাগরিতে […]

যুক্তরাষ্ট্রের EB-2 গ্রিন কার্ডে বাংলাদেশিদের সুযোগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৫ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড পাওয়ার অন্যতম পথ হলো Employment-Based Second Preference বা EB-2। উচ্চশিক্ষিত পেশাজীবী এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ দক্ষতা বা যোগ্যতা অর্জনকারীরা এই অভিবাসন ক্যাটাগরির আওতায় আবেদন করতে পারেন।

EB-2 কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য আলাদা কোনো সুবিধা নয়। ফলে বাংলাদেশি নাগরিকরাও যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই ক্যাটাগরিতে আবেদন করতে পারেন।

এই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ একটি অংশ হলো National Interest Waiver (NIW)। যোগ্যতা থাকলে এর মাধ্যমে কোনো নির্দিষ্ট মার্কিন নিয়োগকর্তার স্পনসরশিপ ছাড়াই আবেদন করার সুযোগ পাওয়া যেতে পারে।

কারা EB-2-এর জন্য আবেদন করতে পারেন

EB-2-এর আওতায় সাধারণত দুই ধরনের আবেদনকারী বিবেচিত হন।

একটি হলো উচ্চতর ডিগ্রিধারী পেশাজীবী। সংশ্লিষ্ট পেশায় উন্নত ডিগ্রি থাকা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের মাস্টার্স বা তার চেয়ে উচ্চতর ডিগ্রি এ ক্ষেত্রে গ্রহণযোগ্য। তবে কারও যুক্তরাষ্ট্রের বা সমমানের বিদেশি ব্যাচেলর ডিগ্রি এবং সেই ডিগ্রি অর্জনের পর একই বিশেষায়িত ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের ক্রমোন্নতিমূলক পেশাগত অভিজ্ঞতা থাকলেও সেটি মাস্টার্স ডিগ্রির সমতুল্য হিসেবে বিবেচিত হতে পারে।

অন্যদিকে, Exceptional Ability বা নিজস্ব পেশাগত ক্ষেত্রে সাধারণ পর্যায়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দক্ষতাসম্পন্ন ব্যক্তিরাও EB-2-এর জন্য বিবেচিত হতে পারেন। এই যোগ্যতার আওতায় বিজ্ঞান, শিল্পকলা ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্র রয়েছে।

Exceptional Ability প্রমাণের শর্ত

শুধু কোনো পেশায় ভালো অভিজ্ঞতা থাকলেই Exceptional Ability প্রমাণ হয় না। এ ক্ষেত্রে USCIS নির্ধারিত ছয় ধরনের প্রমাণের মধ্যে সাধারণত অন্তত তিনটি দেখাতে হয়।

এর মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা, পেশায় অন্তত ১০ বছরের পূর্ণকালীন অভিজ্ঞতা, পেশাগত লাইসেন্স বা সনদ, বিশেষ দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চ পারিশ্রমিক, পেশাজীবী সংগঠনের সদস্যপদ এবং নিজ ক্ষেত্রের অর্জন বা গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি থাকতে পারে।

তবে তিনটি শর্ত বা প্রমাণ পূরণ করলেই স্বয়ংক্রিয়ভাবে EB-2 অনুমোদন হয় না। USCIS পুরো আবেদন পর্যালোচনা করে আবেদনকারীর দক্ষতা সত্যিই সাধারণ পেশাজীবীদের তুলনায় উল্লেখযোগ্য কি না, সেটিও নির্ধারণ করে।

EB-2-NIW কেন গুরুত্বপূর্ণ

বাংলাদেশি পেশাজীবীদের জন্য EB-2-এর National Interest Waiver (NIW) অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। সাধারণ EB-2 আবেদনে সাধারণত কোনো মার্কিন নিয়োগকর্তার চাকরির প্রস্তাব এবং labor certification প্রয়োজন হয়। তবে NIW অনুমোদন পেলে এই দুই শর্তই মওকুফ করা সম্ভব।

এর ফলে যোগ্য আবেদনকারী Form I-140 ব্যবহার করে নিজেই আবেদন করতে পারেন। নির্দিষ্ট কোনো মার্কিন নিয়োগকর্তার স্পনসরশিপ ছাড়াই নিজের প্রস্তাবিত পেশাগত কর্মকাণ্ডের ভিত্তিতে আবেদন করার সুযোগও থাকে।

শুধু উচ্চশিক্ষা থাকলেই NIW নয়

EB-2-NIW নিয়ে একটি সাধারণ ভুল ধারণা হলো—মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি কিংবা দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা থাকলেই কেউ NIW পাওয়ার যোগ্য হয়ে যান। বাস্তবে বিষয়টি এতটা সরল নয়।

USCIS সাধারণত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে। প্রথমত, আবেদনকারী যুক্তরাষ্ট্রে যে কাজ করার প্রস্তাব দিয়েছেন, সেটির যথেষ্ট গুরুত্ব ও জাতীয় গুরুত্ব রয়েছে কি না। দ্বিতীয়ত, আবেদনকারী ওই কাজ বাস্তবায়ন ও এগিয়ে নেওয়ার মতো অবস্থানে আছেন কি না। এ ক্ষেত্রে তার শিক্ষা, দক্ষতা, জ্ঞান, পূর্ববর্তী সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংশ্লিষ্ট অগ্রগতি বিবেচনায় নেওয়া হয়।

তৃতীয়ত, সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের স্বার্থে চাকরির প্রস্তাব ও labor certification-এর শর্ত মওকুফ করা হবে কি না, সেটিও দেখা হয়।

অর্থাৎ NIW আবেদনে শুধু আবেদনকারীর ডিগ্রি বা ব্যক্তিগত দক্ষতাই যথেষ্ট নয়। তিনি যুক্তরাষ্ট্রে কী ধরনের কাজ করতে চান এবং সেই কাজের সম্ভাব্য প্রভাব কী হতে পারে—সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোন পেশার মানুষ আবেদন করতে পারেন

STEM, গবেষণা, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, শিক্ষা, ব্যবসা ও উদ্যোক্তা কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত পেশাজীবীরা নিজেদের প্রস্তাবিত কাজের ভিত্তিতে NIW-এর জন্য বিবেচিত হতে পারেন।

জাতীয় গুরুত্ব নির্ধারণের ক্ষেত্রে USCIS-এর নীতিমালায় ব্যবসা, উদ্যোক্তা কর্মকাণ্ড, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের উদাহরণ রয়েছে।

তবে শুধু কোনো নির্দিষ্ট পেশায় কাজ করলেই NIW পাওয়া যায় না। একই ডিগ্রি বা একই পেশায় থাকা দুই ব্যক্তির আবেদনও ভিন্ন ফল পেতে পারে। কারণ USCIS আবেদনকারীর ব্যক্তিগত যোগ্যতার পাশাপাশি তার proposed endeavor বা প্রস্তাবিত কর্মকাণ্ড আলাদাভাবে মূল্যায়ন করে।

সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশিদের EB-2 ভিসা পরিস্থিতি

সেপ্টেম্বর ২০২৬-এর মার্কিন Visa Bulletin অনুযায়ী, EB-2-এর Final Action Date বাংলাদেশসহ “All Chargeability Areas Except Those Listed” ক্যাটাগরিতে Current (C) রয়েছে।

এর অর্থ হলো ভারত ও চীনের মতো আলাদাভাবে সীমাবদ্ধ দেশগুলোর বাইরে থাকা আবেদনকারীদের জন্য ওই মাসে EB-2 ভিসা নম্বরের ক্ষেত্রে কোনো পৃথক cut-off date নেই। বাংলাদেশি আবেদনকারীরা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

সেপ্টেম্বরের Visa Bulletin-এ EB-2-এর Dates for Filing-ও “Current” রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে Adjustment of Status করতে চাইলে USCIS ওই মাসে কোন চার্ট ব্যবহার করতে বলছে, তা আলাদাভাবে যাচাই করতে হবে।

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি—ভিসা বুলেটিনে কোনো ক্যাটাগরি “Current” থাকা মানেই আবেদন করলেই দ্রুত গ্রিন কার্ড পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীকে প্রথমে EB-2-এর যোগ্যতা পূরণ করতে হবে এবং USCIS-এর অনুমোদনসহ প্রয়োজনীয় অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ক্ষেত্রে বিশেষে কনস্যুলার প্রসেসিং বা Adjustment of Status-এর অতিরিক্ত ধাপও থাকতে পারে।

পরিবারও সুবিধা পেতে পারে

EB-2-এর মূল আবেদনকারীর I-140 অনুমোদিত হলে তার স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ডেরিভেটিভ ইমিগ্র্যান্ট স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারেন।

আবেদনের আগে যেদিকে নজর দেওয়া জরুরি

EB-2 বা EB-2-NIW-কে শুধু উচ্চশিক্ষিত ব্যক্তিদের জন্য গ্রিন কার্ডের সুযোগ হিসেবে দেখলে বিষয়টি পুরোপুরি বোঝা যাবে না। একজন আবেদনকারীর ডিগ্রি, পেশাগত অভিজ্ঞতা, অর্জন এবং যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে কী কাজ করতে চান—এসব বিষয়কে একসঙ্গে বিবেচনায় নিয়ে শক্তিশালী প্রমাণ উপস্থাপন করতে হয়।

বিশেষ করে NIW-এর ক্ষেত্রে স্পষ্টভাবে তুলে ধরতে হয়—কী ধরনের কাজ করা হবে, সেই কাজ কেন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, আবেদনকারী কেন তা এগিয়ে নেওয়ার উপযুক্ত অবস্থানে আছেন এবং কেন চাকরির প্রস্তাব ও labor certification-এর শর্ত মওকুফ করা যুক্তরাষ্ট্রের স্বার্থে হবে।

তাই বাংলাদেশি পেশাজীবীদের জন্য EB-2 একটি গুরুত্বপূর্ণ অভিবাসন পথ হলেও এটি কোনো স্বয়ংক্রিয় সুবিধা নয়। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, অর্জন এবং প্রস্তাবিত কাজ EB-2 বা EB-2-NIW-এর নির্ধারিত মানদণ্ড পূরণ করছে কি না, সেটিই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সূত্র: USCIS, U.S. Department of State

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ