যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শ্রেণির অভিবাসীদের ওয়ার্ক পারমিট বা কর্মানুমতিপত্র নবায়নের আবেদন করার পর সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশটির সরকার। নতুন নিয়মটি ১৪ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এর ফলে নির্ধারিত কিছু শ্রেণির আবেদনকারীকে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন অনুমোদন পেতে হবে, অন্যথায় বৈধভাবে কাজ করার অনুমতিতে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শ্রেণির অভিবাসীদের ওয়ার্ক পারমিট বা কর্মানুমতিপত্র নবায়নের আবেদন করার পর সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশটির সরকার। নতুন নিয়মটি ১৪ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এর ফলে নির্ধারিত কিছু শ্রেণির আবেদনকারীকে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন অনুমোদন পেতে হবে, অন্যথায় বৈধভাবে কাজ করার অনুমতিতে বিরতি তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ২০২৫ সালের ৩০ অক্টোবর প্রথম এ সুবিধা বন্ধের অন্তর্বর্তী নিয়ম জারি করে। এবার জনমত ও সংশ্লিষ্টদের মন্তব্য পর্যালোচনার পর সেই নিয়ম চূড়ান্ত করা হয়েছে। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত চূড়ান্ত বিধিতে আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।
যেসব অভিবাসী ২০২৫ সালের ৩০ অক্টোবর বা তার পরে ওয়ার্ক পারমিট নবায়নের জন্য আবেদন করেছেন, তাঁদের নির্দিষ্ট শ্রেণির ক্ষেত্রে আগের মতো শুধু আবেদন জমা দেওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়বে না। ফলে আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় বর্তমান ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলে নতুন অনুমোদন না পাওয়া পর্যন্ত তাঁদের কাজের অনুমতি বন্ধ হয়ে যেতে পারে।
তবে নিয়মটি সবার ক্ষেত্রে একভাবে প্রযোজ্য নয়। আইন বা পৃথক সরকারি নির্দেশনায় স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকা কিছু শ্রেণি এর ব্যতিক্রম হতে পারে।
২০২৫ সালের ৩০ অক্টোবরের আগে যোগ্যতার শর্ত পূরণ করে যাঁরা নবায়নের আবেদন করেছিলেন এবং স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা পেয়েছিলেন, তাঁদের ক্ষেত্রে সেই সুবিধা সাধারণত বহাল থাকবে। টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস)–সংক্রান্ত নির্দিষ্ট সরকারি নির্দেশনায় দেওয়া মেয়াদ বৃদ্ধির ব্যবস্থাও এই নিয়মের আওতার বাইরে থাকতে পারে।
অভিবাসীদের বর্তমান ওয়ার্ক পারমিটের মেয়াদ, আবেদন জমা দেওয়ার তারিখ এবং নিজেদের ক্যাটাগরি অনুযায়ী নিয়ম যাচাই করা জরুরি। নবায়নের আবেদন করলেই যে কাজের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, তা ধরে নেওয়া উচিত নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)–এর নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: ফেডারেল রেজিস্টার, ইউএসসিআইএস