যুক্তরাষ্ট্রে গত এক দশকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্টগুলো থেকে এইচ-১বি ভিসার জন্য রিপাবলিকান নিয়ন্ত্রিত এলাকার তুলনায় তিন গুণেরও বেশি আবেদন জমা পড়েছে। ‘লেঅফহেজ’-এর এক বিশ্লেষণে মার্কিন শ্রম দপ্তরের তথ্য পর্যালোচনা করে এ চিত্র উঠে এসেছে। ২০১৫ অর্থবছর থেকে ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত প্রায় ৬৯ লাখ অনুমোদিত লেবার কন্ডিশন অ্যাপ্লিকেশন (LCA) বিশ্লেষণ করা হয়েছে। এতে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গত এক দশকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্টগুলো থেকে এইচ-১বি ভিসার জন্য রিপাবলিকান নিয়ন্ত্রিত এলাকার তুলনায় তিন গুণেরও বেশি আবেদন জমা পড়েছে। ‘লেঅফহেজ’-এর এক বিশ্লেষণে মার্কিন শ্রম দপ্তরের তথ্য পর্যালোচনা করে এ চিত্র উঠে এসেছে।
২০১৫ অর্থবছর থেকে ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত প্রায় ৬৯ লাখ অনুমোদিত লেবার কন্ডিশন অ্যাপ্লিকেশন (LCA) বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ৫১ লাখ ৭০ হাজার আবেদন এসেছে। বিপরীতে রিপাবলিকান নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে এসেছে ১৬ লাখ ৯০ হাজার আবেদন। আরও ৫৬ হাজার ৫৯৬টি আবেদন এসেছে বর্তমানে শূন্য থাকা চারটি কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে।
তবে সাম্প্রতিক বছরগুলোর প্রবৃদ্ধির চিত্রে ভিন্নতা দেখা গেছে। ২০১৯ থেকে ২০২৫ অর্থবছরের মধ্যে এইচ-১বি আবেদনের দ্রুততম বৃদ্ধির শীর্ষ আটটি ডিস্ট্রিক্টই টেক্সাসের রিপাবলিকান নিয়ন্ত্রিত এলাকা। বিশ্লেষণকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব তথ্য মূলত নিয়োগকর্তারা কোথায় বিদেশি কর্মীদের নিয়োগ ও পদায়ন করতে চেয়েছেন, সেটিই নির্দেশ করে। এর মাধ্যমে কোনো রাজনৈতিক দল সরাসরি এইচ-১বি ব্যবহারে প্রভাব ফেলছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
এই পরিসংখ্যান সরাসরি ইস্যু করা এইচ-১বি ভিসার সংখ্যা নয়। এটি লেবার কন্ডিশন অ্যাপ্লিকেশনের হিসাব। বিদেশি কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তাকে মার্কিন শ্রম দপ্তরে এই আবেদন জমা দিতে হয়। একটি আবেদনের মাধ্যমে একাধিক কর্মীর জন্যও অনুরোধ করা যেতে পারে।
এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে এইচ-১বি কর্মসূচিতে কড়াকড়ি বাড়ানোর বিভিন্ন উদ্যোগের মধ্যেই এসব তথ্য প্রকাশ্যে এসেছে। প্রশাসন উচ্চ বেতনের কর্মীদের অগ্রাধিকার দেওয়া, ভিসা-সংক্রান্ত যাচাই বাড়ানোসহ বিভিন্ন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এইচ-১বি কর্মসূচির সমর্থকেরা বলছেন, প্রযুক্তি ও অন্যান্য দক্ষতাভিত্তিক খাতে বিদেশি কর্মীরা মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে সমালোচকেরা মনে করেন, এই কর্মসূচির মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগের কারণে মার্কিন কর্মীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
বিশ্লেষণে দেখা গেছে, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বড় প্রযুক্তি ও ব্যবসাকেন্দ্রগুলোতেই এইচ-১বি আবেদন সবচেয়ে বেশি কেন্দ্রীভূত। ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ৩ লাখ ২৩ হাজার ৯৬৬টি আবেদন নিয়ে শীর্ষে রয়েছে। এরপর রয়েছে নিউইয়র্কের ১২তম এবং ক্যালিফোর্নিয়ার ১৬তম ডিস্ট্রিক্ট।
রিপাবলিকান নিয়ন্ত্রিত এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে টেক্সাসের ৪র্থ ডিস্ট্রিক্ট থেকে—১ লাখ ৬ হাজার ৮৯২টি। এরপর রয়েছে জর্জিয়ার ৭ম এবং টেক্সাসের ২৪তম ডিস্ট্রিক্ট।
সবচেয়ে বেশি আবেদন করা শীর্ষ ১০টি ডিস্ট্রিক্টে মোট ১৭ লাখ ২৭ হাজার ৭৬৬টি আবেদন জমা পড়েছে। বিশ্লেষণ অনুযায়ী, মাত্র ৪০টি কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকেই দেশের মোট এইচ-১বি আবেদনের প্রায় অর্ধেক এসেছে। এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্রজুড়ে এইচ-১বি কর্মসূচির ব্যবহার সমানভাবে ছড়িয়ে নেই; বরং প্রযুক্তি ও ব্যবসার বড় কেন্দ্রগুলোতে এর ব্যবহার বেশি কেন্দ্রীভূত।