সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১২:৪০ অপরাহ্ন, ৯ মে ২০২৬

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি যুবক

রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রিয়াদ রশিদ (২৮)। পরিবার জানিয়েছে, তিনি রুশ সেনাবাহিনীর নিয়মিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তিনি জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। পরিবারের ভাষ্য অনুযায়ী, […]

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি যুবক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রিয়াদ রশিদ (২৮)। পরিবার জানিয়েছে, তিনি রুশ সেনাবাহিনীর নিয়মিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তিনি জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

পরিবারের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর জানান। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন। ওই হামলায় তিনি গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

লিমনের দাবি, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন। আরও তিনজন আহত হন। পরে শুক্রবার রিয়াদের পরিবার বিষয়টি জানতে পারে।

পরিবার জানায়, রিয়াদ গত বছরের অক্টোবরে একটি কোম্পানির কাজে রাশিয়ায় গিয়েছিলেন। পরে গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি পরিবার আগে জানত না।

ছেলের মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, যদি জানতেন ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তাহলে কখনোই তাকে সেখানে যেতে দিতেন না। এখন মরদেহেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তিনি শোক প্রকাশ করেন।

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে এবং সরকারি সহায়তার সুযোগ থাকলে তা নিশ্চিত করা হবে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানিয়েছেন, পুলিশ রিয়াদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ