বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা মিরসরাইয়ের ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। জানাজার […]
ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা মিরসরাইয়ের ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে, সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বলেন, আজ মিরসরাইবাসীর জন্য অত্যন্ত কষ্টের দিন। দীর্ঘদিন সেবা শেষে, চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তিনি বলেন, চট্টগ্রাম ও মিরসরাইয়ের উন্নয়নে তাঁর বাবা সারাজীবন কাজ করেছেন। সবাই যেন তাঁর জন্য দোয়া করেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে মিরসরাইয়ে জানাজাকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা না করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মিরসরাইয়ের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ওই দিন মিরসরাই উপজেলার কোথাও বিএনপির কোনো দলীয় কর্মসূচি নেই। তাই সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কয়েক দিন ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন বিকেল ৫টায় গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।