রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজার–টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে […]
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজার–টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর চালক আহত হন। তবে দুর্ঘটনায় মেসুত ওজিল কিংবা প্রতিনিধি দলের অন্য কোনো সদস্য আহত হননি। তাৎক্ষণিকভাবে আহত চালকের পরিচয় জানা যায়নি।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিআইপি প্রোটোকল অতিক্রম করার সময় হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা গাড়িবহরের সামনে চলে আসে। এতে সংঘর্ষ ঘটে এবং দুর্ঘটনার সৃষ্টি হয়। দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আহত চালককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে তাঁরা ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন এবং পরে সন্ধ্যায় ইফতার মাহফিলে যোগ দেন।