যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনভিত্তিক পাইকারি প্রতিষ্ঠান ক্রাসনি ওকতিয়াবর ইনকরপোরেটেড সম্ভাব্য লিস্টেরিয়া দূষণের আশঙ্কায় ‘স্টারফিশ সি-ফুড ট্রায়ো’ নামের একটি সামুদ্রিক খাবার বাজার থেকে স্বেচ্ছায় প্রত্যাহার করেছে। পণ্যটিতে ঠান্ডা ধোঁয়ায় প্রক্রিয়াজাত স্যামন, হ্যালিবাট ও ট্রাউট মাছ রয়েছে। এখন পর্যন্ত পণ্যটি খেয়ে কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ৯ অক্টোবর পণ্য প্রত্যাহারের বিষয়ে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনভিত্তিক পাইকারি প্রতিষ্ঠান ক্রাসনি ওকতিয়াবর ইনকরপোরেটেড সম্ভাব্য লিস্টেরিয়া দূষণের আশঙ্কায় ‘স্টারফিশ সি-ফুড ট্রায়ো’ নামের একটি সামুদ্রিক খাবার বাজার থেকে স্বেচ্ছায় প্রত্যাহার করেছে। পণ্যটিতে ঠান্ডা ধোঁয়ায় প্রক্রিয়াজাত স্যামন, হ্যালিবাট ও ট্রাউট মাছ রয়েছে। এখন পর্যন্ত পণ্যটি খেয়ে কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ৯ অক্টোবর পণ্য প্রত্যাহারের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, নিউইয়র্ক অঙ্গরাজ্যের কৃষি ও বাজার বিভাগ পণ্যটিতে লিস্টেরিয়া মনোসাইটোজিনিস ব্যাকটেরিয়ার সম্ভাব্য উপস্থিতি শনাক্ত করে। এরপর ক্রাসনি ওকতিয়াবর পণ্যটি প্রত্যাহারের উদ্যোগ নেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ শুরু করে।
প্রত্যাহার করা পণ্যটি নিউইয়র্ক, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে সরবরাহ করা হয়েছিল।
পণ্যটি আট আউন্স বা ২২৭ গ্রাম ওজনের বায়ুরোধী প্লাস্টিকের প্যাকেটে বিক্রি করা হয়। প্যাকেটের গায়ে ‘স্টারফিশ’ ব্র্যান্ড এবং ‘সি-ফুড ট্রায়ো—কোল্ড স্মোকড স্যামন, হ্যালিবাট অ্যান্ড ট্রাউট’ লেখা রয়েছে।
পণ্যটি শনাক্ত করতে ক্রেতাদের প্যাকেটের তথ্য মিলিয়ে দেখতে বলা হয়েছে। প্রত্যাহার করা পণ্যের ব্যাচ নম্বর D139149161-153 এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১ ডিসেম্বর ২০২৭। পণ্যটির উৎপত্তি দেশ লাটভিয়া।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংশ্লিষ্ট ক্রেতাদের পণ্যটির বিক্রি ও বিতরণ অবিলম্বে বন্ধ করতে, মজুত পণ্য পরীক্ষা করতে এবং প্রয়োজন অনুযায়ী নিজেদের গ্রাহকদের অবহিত করতে বলা হয়েছে।
এফডিএর পরামর্শ অনুযায়ী, যাঁরা পণ্যটি কিনেছেন, তাঁরা সেটি খাবেন না। পূর্ণ অর্থ ফেরত পেতে পণ্যটি কেনার স্থানে ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে ক্রাসনি ওকতিয়াবর ইনকরপোরেটেডের সঙ্গে ৭১৮-৮৫৮-৬৭২০ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগের সময় সোমবার থেকে শুক্রবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
লিস্টেরিয়া ব্যাকটেরিয়ায় দূষিত খাবার খেলে লিস্টেরিওসিস নামের সংক্রমণ হতে পারে। সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, বমিভাব, পেটব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগপ্রতিরোধক্ষমতার মানুষের জন্য এ সংক্রমণ গুরুতর, এমনকি প্রাণঘাতীও হতে পারে।
গর্ভবতী নারীদের ক্ষেত্রে লিস্টেরিয়া সংক্রমণ গর্ভপাত বা মৃত সন্তান প্রসবের ঝুঁকি তৈরি করতে পারে। তাই নির্দিষ্ট ব্যাচের পণ্যটি কেনা থাকলে তা খাওয়া থেকে বিরত থাকা জরুরি। কেউ পণ্যটি খাওয়ার পর অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সম্ভাব্য লিস্টেরিয়া সংস্পর্শের বিষয়টি জানানো উচিত।
সূত্র: যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ), ফুড সেফটি নিউজ।