আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে বারবার আলোচনা হচ্ছে। একই ধরনের জটিলতায় আছেন আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং নাঈমুর রহমান দুর্জয়ও। সাকিবের মতো তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। সাকিব বিদেশে থাকলেও মাশরাফি আত্মগোপনে আছেন, আর নাঈমুর রহমান […]
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে বারবার আলোচনা হচ্ছে। একই ধরনের জটিলতায় আছেন আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং নাঈমুর রহমান দুর্জয়ও। সাকিবের মতো তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। সাকিব বিদেশে থাকলেও মাশরাফি আত্মগোপনে আছেন, আর নাঈমুর রহমান দুর্জয় কারাগারে রয়েছেন।
এ অবস্থায় শুধু সাকিবকে ঘিরেই বারবার প্রশ্ন ওঠায় কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার মতে, একই পরিস্থিতিতে থাকা তিন ক্রিকেটারকে নিয়ে আলাদা করে আলোচনা হওয়া উচিত। শুধু একজনকে কেন্দ্র করে প্রশ্ন করা ঠিক নয় বলে মনে করেন তিনি।
তামিম ইকবাল বলেন, গত দেড় থেকে দুই বছর ধরে নির্দিষ্ট একজন ক্রিকেটার, বিশেষ করে সাকিব আল হাসানকেই নিয়ে বেশি প্রশ্ন উঠছে। কিন্তু তার অনুরোধ হলো, এই প্রসঙ্গ উঠলে মাশরাফি বিন মর্তুজা এবং নাঈমুর রহমান দুর্জয়ের কথাও যেন একসঙ্গে বলা হয়। তিনজনই একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যদি কোনো ক্রিকেটীয় সহযোগিতা বা সুযোগ-সুবিধা দেওয়ার বিষয় থাকে, তাহলে তারা সেটিতে সবসময় প্রস্তুত। তবে আইনি জটিলতা যেগুলো আছে, সেগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদেরই সমাধান করতে হবে।
তামিমের ভাষায়, মন্ত্রীও এ বিষয়ে নমনীয়তার কথা বলেছেন। বিসিবি ক্রিকেট-সংক্রান্ত যেকোনো সহায়তা দিতে প্রস্তুত থাকবে, যদি তারা নিজেদের আইনি সমস্যা মিটিয়ে ফিরে আসেন। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে বোর্ড সবসময় দু’হাত বাড়িয়ে তাদের স্বাগত জানাতে প্রস্তুত।
সাবেক এই ক্রিকেটার-প্রশাসকের বক্তব্যে স্পষ্ট হয়েছে, দেশের তিন সাবেক অধিনায়কের বিষয়ে বোর্ডের অবস্থান একরকমই। তবে ব্যক্তি হিসেবে শুধু সাকিবকে ঘিরে বারবার প্রশ্ন তোলা হলে সেটি তিনি আর স্বস্তির চোখে দেখছেন না।