চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন এক বিদেশি আইনজীবী। আবেদনকারী আইনজীবীর নাম গ্রায়েম এল. হল। তিনি বাংলাদেশে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের সঙ্গে কাজ করে সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার অনুমতি চেয়েছেন। […]
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন এক বিদেশি আইনজীবী।
আবেদনকারী আইনজীবীর নাম গ্রায়েম এল. হল। তিনি বাংলাদেশে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের সঙ্গে কাজ করে সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার অনুমতি চেয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সালমান এফ রহমানের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার সঙ্গে কাজ করার জন্যই গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।
এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেন গ্রায়েম এল. হল।
আবেদনে তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান ফজলুর রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত থাকার অনুমতি চান।
আবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান এফ রহমানের পক্ষে তিনি বিদেশি আইনজীবী হিসেবে মামলার কার্যক্রমে অংশ নিতে চান।
আবেদনের সঙ্গে নিজের পেশাগত প্রোফাইলসহ প্রয়োজনীয় বিভিন্ন নথিও সংযুক্ত করেছেন গ্রায়েম এল. হল।
গ্রায়েম এল. হলের আবেদন করা হলেও তিনি ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে কাজ করার চূড়ান্ত অনুমতি পেয়েছেন কি না, তা আবেদনের তথ্য থেকে নিশ্চিত নয়।
বাংলাদেশ বার কাউন্সিলের অনুমোদন এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে মামলায় অংশ নিতে পারবেন।
সালমান এফ রহমান বর্তমানে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের মুখোমুখি। তার পক্ষে দেশীয় আইনজীবীদের পাশাপাশি একজন বিদেশি আইনজীবী যুক্ত করার এই উদ্যোগ মামলার আইনগত লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে পারে।
তবে বিদেশি আইনজীবী হিসেবে গ্রায়েম এল. হলের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করছে।